উত্তর দিনাজপুর
বন্যা কবলিত এলাকা পরিদর্শনে বিধায়ক, প্রয়োজনীয় সাহায্য প্রদানের আশ্বাস ক্ষতিগ্রস্তদের
ডালখোলা , ২৮ মে : বিগত দুদিনের প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ল ডালখোলা পৌরসভার বিস্তীর্ণ এলাকা। ডালখোলা পৌরসভা এক নম্বর ওয়ার্ডের প্রায় ২৫ টি বাড়ি জলমগ্ন হয়ে পরে। পাশাপাশি ৩৪ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কারণে জল নিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে যায় ওই এলাকার।
বৃহস্পতিবার রাত থেকে প্রবল বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়ে এলাকাটি। শুক্রবার সকালে এলাকায় পরিদর্শনে আসেন করণদীঘি বিধানসভা কেন্দ্রের বিধায়ক গৌতম পাল, ডালখোলা পৌরসভার প্রশাসক সুভাষ গোস্বামী। কথা বলেন দুর্গত মানুষদের সঙ্গেও। জাতীয় সড়ক কর্তৃপক্ষের সাথে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বিধায়ক গৌতম পাল। টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে ডালখোলা পৌরসভার বিস্তীর্ণ এলাকা। শুক্রবার পৌরসভার জলমগ্ন এলাকা পরিদর্শনে এসে দুর্গতদের সহায়তার আশ্বাস দিলেন বিধায়ক গৌতম পাল। উল্লেখ্য, ঘূর্ণিঝড় ইয়াসের কারনে সৃষ্ট নিম্নচাপের জন্য বিগত দুদিনের প্রবল বৃষ্টিতে ডালখোলা পৌরসভার ১ নং ওয়ার্ডের প্রায় ২৫ টি বাড়ি জলমগ্ন হয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা একরামুল জানান, ৩৪ নং জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ শুরু হওয়ার কারনে এক নম্বর ওয়ার্ডের ওই এলাকায় জলনিকাশি বন্ধ হয়ে যায়। তার উপর বৃহস্পতিবার রাত থেকে প্রবল বৃষ্টিতে প্রায় ২৫টি বাড়ি জলমগ্ন হয়ে পড়ে। অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে জলের কারনে বাড়িতে রান্না বন্ধ করতে বাধ্য হয় বাসিন্দারা। বিষয়টি স্থানীয় তৃণমূল নেতা তথা পৌরসভার বোর্ড অফ এডমিনিষ্ট্রেটরের মেম্বার তনয় দের কাছে জানানো হয়। তনয় দে বাসিন্দাদের এই দুরবস্থার কথা বিধায়ককে জানালে শুক্রবার করণদীঘি বিধানসভার বিধায়ক গৌতম পাল এবং পৌরসভার এডমিনিস্ট্রেটর সুভাষ গোস্বামী এলাকা পরিদর্শনে আসেন । বিধায়ক দুর্গতদের সাথে কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দেন। এ ব্যাপারে বিধায়ক গৌতম বাবু জানান, পৌরসভার এক নম্বর ওয়ার্ডে ৩৪ নং জাতীয় সড়কের পাশে প্রায় ২৫ টি বাড়িতে জল ঢুকে যায়। এখানে জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ চলার জন্য নিকাশি নালা করা সম্ভব হয় নি। যার দরুন রাস্তার পুরো জল ওই এলাকায় ঢুকে পড়ছে। তবে আমরা যুদ্ধকালীন পরিস্থিতিতে সাময়িকভাবে একটি ড্রেন তৈরি করার চেষ্টা করছি এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষের সাথে কথা বলে আগামীতে খুব দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো। এদিন প্রবল বৃষ্টি উপেক্ষা করে যে ভাবে দুর্গতদের পাশে এসে দাঁড়িয়ে তাদের সমস্যা সমাধানের আশ্বাস দেন বিধায়ক তা দেখে দুর্গতরা অনেকটাই স্বস্তির নিঃস্বাস ফেলেছে। স্থানীয় বাসিন্দা মঃ কাশিম বলেন, আমরা আমাদের এই সমস্যা স্থানীয় পৌর প্রতিনিধিদের মাধ্যমে আমাদের বিধায়ককে জানিয়েছিলাম। তিনি যে ভাবে প্রবল বৃষ্টি উপেক্ষা করে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে তা সত্যি অভাবনীয়। পাশাপাশি বিধায়ক গৌতম বাবু এলাকার এই সমস্যা দ্রুত সমাধানের জন্য আমাদের আশ্বাস দিয়েছেন।
