উত্তর দিনাজপুর
ডালখোলায় শুরু হলো ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের করোনার টীকাকরণ
নিজস্ব সংবাদদাতা , ডালখোলা , ২৮ মে : করোনা সংক্রমন রোধে শুক্রবার থেকে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা পৌর এলাকায় শুরু হলো করোনার প্রথম ডোজ প্রতিষেধক দেওয়ার কাজ।
এদিন ডালখোলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে শিবির করে এই ভ্যাক্সিনেশন কর্মসূচির আয়োজন করা হয়। শুক্রবার প্রথম দিন করোনা টিকা নিতে প্রচুর মানুষ ভিড় জমান এখানে। জানা গিয়েছে, ডালখোলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ইতিপূর্বে ৪৫ বছরের ঊর্ধ্বে বাসিন্দাদের ভ্যাকসিন দেওয়ার কাজ চলছিলো। করণদিঘী বিধানসভা কেন্দ্রের বিধায়ক গৌতম পালের উদ্দোগে শুক্রবার থেকে ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের ভ্যাক্সিনেশনের উদ্যোগ গ্রহণ করা হয়। এদিন ডালখোলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র খোলার আগে থেকেই লাইনে ভিড় জমে যায়। বিকেল চারটে পর্যন্ত ভ্যাকসিন দেওয়ার কাজ চলে। বিধায়কের প্রচেষ্টায় অবশেষে ডালখোলাতে শুরু হলো করোনা ভাইরাসের টীকাকরণ প্রক্রিয়া। উল্লেখ্য, ডালখোলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ইতিপূর্বে ৪৫ বছরের উর্দ্ধে বাসিন্দাদের ভ্যাকসিন দেওয়া হলেও এখানে ৪৫ বছরের কম যাদের বয়স তাদের ভ্যাকসিন দেওয়া হচ্ছিল না। স্থানীয় বাসিন্দা তথা ডালখোলা পৌর এলাকার বেশ কিছু অরাজনৈতিক সংগঠন এবং স্থানীয় বাসিন্দাদের এই সমস্যার কথা করণদিঘী বিধানসভার বিধায়ক গৌতম পালকে জানালে বিধায়ক বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দেন। শুক্রবার ডালখোলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বেলা ১১ টা নাগাদ করণদিঘী বিধানসভার বিধায়ক গৌতম পালের উপস্থিতিতে ডালখোলা পৌরসভার বাসিন্দাদের টীকাকরণ প্রক্রিয়া শুরু করেন স্বাস্থ্যকর্মীরা। এদিনের ভ্যাক্সিনেশনের কর্মসূচিতে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন ডালখোলা পৌরসভার বোর্ড অফ এডমিনিষ্ট্রেটরের চেয়ারপার্সন সুভাষ গোস্বামী, মেম্বার তনয় দে, হিমাদ্রি মুখার্জি সহ অন্যান্য আধিকারিকেরা। গৌতম বাবু জানান, ডালখোলা পৌরসভা এলাকার বাসিন্দাদের ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছিল। তাদের এই সমস্যা সমাধান করতে ডালখোলা প্রাথমিক স্বাস্থকেন্দ্রে করোনার টীকাকরণ প্রক্রিয়া শুরু করা হয়েছে। পাশাপাশি আগামীতে ডালখোলা পৌর এলাকায় করোনা টেস্ট করানোর জন্য মোট পাঁচটি সোওয়াব কালেকশন পয়েন্ট করা হচ্ছে। করোনা টেস্ট শুরু হলেই ডালখোলায় করোনার প্রভাব কতটা পড়েছে তা সঠিক ভাবে জানা যাবে, এবং তা জানার পর আগামীতে করোনা মোকাবিলার রূপরেখা সঠিকভাবে তৈরি করা সম্ভব হবে।
