বিনোদন
প্রয়াত বিখ্যাত সঙ্গীত পরিচালক বনরাজ ভাটিয়া
নিউজ ডেস্ক , ০৭ মে : প্রয়াত হলেন বর্ষীয়ান সঙ্গীত পরিচালক বনরাজ ভাটিয়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। বেশ কিছুদিন ধরেই বার্ধক্য জনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি৷ এরপর শুক্রবার সকালে দক্ষিণ মুম্বইয়ে নিজ বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জাতীয় পুরস্কার প্রাপ্ত সংগীত পরিচালক বনরাজ ভাটিয়া ২০১২ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। কেবলমাত্র ভারতীয় সিনেমাতেই নয় ভারতীয় শাস্ত্রীয় সংগীতেও অন্যতম প্রথম সারির কম্পোজার হিসেবে পরিচিত ছিলেন তিনি।অঙ্কুর, ৩৬ চৌরঙ্গী লেন, টিভি শো ‘তামাস’ সহ একাধিক জনপ্রিয় ছবিতে সংগীত পরিচালনা করেছেন তিনি। খ্যাতনামা পরিচালক শ্যাম বেনেগালের ছবিতে সংগীত পরিচালনার জন্যই মূলত খ্যাতি লাভ করেছিলেন তিনি। কর্মজীবনের শুরুর দিকে বিজ্ঞাপনের জন্য সঙ্গীত পরিচালনা করতেন তিনি। প্রায় ৭০০০ বিজ্ঞাপনের সঙ্গীত পরিচালনা করেছেন। বয়সকালে আর্থিক সংকটে ভুগছিলেন। অভাবে বাড়ির আসবাপত্র বিক্রি করতে হয়েছিল। সংগীত পরিচালকের মৃত্যুতে বিনোদন জগতে বহু তারকা শোকপ্রকাশ করেছেন।
