দেশের খবর
ভারত থেকে পাকিস্তানিদের বিদায় পর্বের সময়সীমা বাড়ল, শিথিল করা হল নির্দেশিকা
নিউজ ডেস্ক: ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। তাই ভারত সরকার ১লা পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছিল ভারতে প্রবাসী পাকিস্তানী নাগরিকরা যেন ফিরে যায় সে দেশে। এবার বাড়ল পাকিস্তানিদের সেই সময়সীমা।
এখনই পুরোপুরি বন্ধ হচ্ছে না আটারি সীমান্ত, পাক নাগরিকদের ভারত ছাড়ার সময়সীমা বাড়ল। গতাকাল অর্থাৎ ৩০ এপ্রিল বন্ধ হওয়ার কথা ছিল আটারি সীমান্ত। নয়া অর্ডার না আসা পর্যন্ত আপাতত সেই সীমান্ত দিয়ে পাকিস্তানে ফিরতে পারবেন পাক নাগরিকরা।
জম্মু-কাশ্মীরে পহেলগাঁও হামলার পর শুরু হয়েছিল ভারত থেকে পাকিস্তানী নাগরিকদের বিদায় দেওয়ার পর্ব। ভারতের বিদেশমন্ত্রক জানিয়েছিল, ৩০ এপ্রিলের মধ্যে ভারত ছেড়ে বেরিয়ে যেতে হবে সমস্ত পাকিস্তানি নাগরিকদের। এবার বাড়ান হল ডেডলাইন। শিথিল করা হল নির্দেশিকা। নতুন নির্দেশ না আসা পর্যন্ত আটারি সীমান্ত দিয়ে পাকিস্তানে যাওয়ার অনুমতি মিলবে পাকিস্তানি নাগরিকদের।
ভূস্বর্গের বৈসরণ উপত্যকায় নিরীহ,নিষ্পাপ ২৭ জন পর্যটককে গুলিতে ঝাঁঝরা করে দেয় পাক মদতপুষ্ট জঙ্গি সংঠনের সদস্যরা। হামলার পর থেকেই ভারত-পাকিস্তানের সম্পর্ক কার্যত তলানিতে এসে ঠেকেছে। মোদী সরকার পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কড়া কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে। তার মধ্যে অন্যতম হল পাকিস্তানি নাগরিকদের ভারত ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ।
আরও পড়ুন – ভারতের ভয়ে কাঁপছে পাকিস্তান! বাড়ল লস্কর-ই-তইবার জঙ্গি গোষ্ঠী প্রধানের নিরাপত্তা
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যের মুখ্যমন্ত্রীদের নির্দেশ দিয়েছিলেন যে, নির্ধারিত সময়সীমার পরে কোনও পাকিস্তানি নাগরিক যাতে ভারতে না থাকে তা নিশ্চিত করার জন্য। এমনকি মেডিকেল ভিসাধারীদের জন্য ২৯ এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। তা না হলে ৩ বছরের জেল কিংবা ৩ লক্ষ টাকা পর্যন্ত জরিমানার খাঁড়া নেমে আসতে পারে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছিল।
তবে সাময়িক বদল আনা হয়েছে সেই নির্দেশিকায়। নতুন নিৰ্দেশানুযায়ী, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এবং সঠিক অনুমোদন পাওয়া গেলে আপাতত আটারি সীমান্তের চেক পোস্ট থেকে পাকিস্তানে যেতে দেওয়া হবে ভারতে থাকা সে দেশের নাগরিকদের। ফলে কিছুটা হলেও শিথিল করা হল নিয়ম।
আরও পড়ুন – ভারতের প্রত্যাঘাত ঠেকাতে মরিয়া লস্কর-জয়েশ! যুদ্ধ শুরুর আগেই বড়সড় হামলার ছক ফাঁস
