দক্ষিণ দিনাজপুর
তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদে উত্তেজনা বালুরঘাট কলেজে
নিজস্ব সংবাদদাতা , বালুরঘাট , ১৯ জানুয়ারী : তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ছায়া এবার বালুরঘাট কলেজেও। বালুরঘাট কলেজের সংসদ রুমে তালা ভাঙ্গার অভিযোগ উঠেছে তৃণমূল ছাত্র পরিষদের একটি গোষ্ঠীর বিরুদ্ধে। এনিয়ে তৃণমূল ছাত্র পরিষদের অপর গোষ্ঠী এদিন বালুরঘাট কলেজ চত্বরে বিক্ষোভ দেখায়।
ছাত্র সংসদের বিদায়ি সদস্য নীলাদ্রি সাহার অভিযোগ, রাতের অন্ধকারে কে বা কারা এসে সংসদ রুমের তালা ভেঙে মদ্যপান করেছে। বিষয়টি নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এদিন কলেজে বিক্ষোভ দেখানোর পাশাপাশি কলেজের অধ্যক্ষকে অভিযোগ জানানো হয়। পুলিশি তদন্তের দাবিও করেন তারা। অপরদিকে, তৃণমূল ছাত্র পরিষদের অপর গোষ্ঠী, ছাত্র সংসদের বিদায়ি সাধারণ সম্পাদক বিক্রম রায় পাল্টা দাবি , ছাত্র সংসদের তালা ভাঙ্গার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। কলেজের ছাত্র নির্বাচন বন্ধ থাকায়, সংসদ রুম কলেজ কর্তৃপক্ষ বন্ধ করে রেখেছে। পাশাপাশি তার অভিযোগ, যারা বিক্ষোভ দেখাচ্ছে, তারা তৃণমূল ছাত্র পরিষদ নয়, “দাদার অনুগামী” হতে পারে। এ বিষয়ে বালুরঘাট কলেজের প্রিন্সিপাল পঙ্কজ কুন্ডু জানান, ছাত্র সংসদ ঘরের তালা ভাঙ্গার কোনো ঘটনা ঘটেনি। কলেজের ছাত্র নির্বাচন বন্ধ থাকায় কলেজ কর্তৃপক্ষ তালা মেরে রেখেছে। সেই তালাই আছে, কোনো তালা ভাঙ্গার ঘটনা হয়নি। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই রাজ্যের কলেজগুলিতে ছাত্র নির্বাচন বন্ধ রয়েছে।
দক্ষিণ দিনাজপুর জেলায় এতদিন জেলা সভাপতি ছিলেন অর্পিতা ঘোষ। সে সময় অর্পিতা ঘোষের অনুগামী তৃণমূল কার্যকরী সভাপতি দেবাশিস মজুমদার বালুরঘাট কলেজের ছাত্র রাজনীতি দেখভাল করতেন। দেবাশিস মজুমদার বর্তমানে বিজেপিতে। পরবর্তীতে, অর্পিতা ঘোষকে সরিয়ে তৃণমূল জেলা সভাপতি হন গৌতম দাস। অপরদিকে, অর্পিতা ঘোষ আবার নির্বাচনের আগে জেলা তৃণমূলের বিশেষ দায়িত্ব নিয়ে জেলায় ফিরে এসেছেন। ফলে রাজনৈতিক মহল মনে করছে এদিনের কলেজের গোলমাল এর নেপথ্যে রয়েছে তৃণমূল ছাত্র পরিষদের অর্পিতা অনুগামী ও গৌতম অনুগামী দের ক্ষমতা দখলের দ্বন্দ্ব।
