মাথা উঁচু করে বাঁচবে যুবসমাজ, TMCP-কে অনুপ্রেরণার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Connect with us

রাজনীতি

মাথা উঁচু করে বাঁচবে যুবসমাজ, TMCP-কে অনুপ্রেরণার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠাবার্ষিকীর সকালে দলীয় ছাত্র সংগঠনকে শক্ত বার্তা দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার সকালে সামাজিক মাধ্যমে পোস্ট করে তিনি লেখেন, “আমার নবীন সহকর্মীদের বলব, কোনও অবস্থায় অন্যায়ের সঙ্গে আপস করবে না। মাথা উঁচু করে বাঁচবে। যে কোনও লড়াইয়ে আমাকে সবসময় পাশে পাবে।”

মমতার বার্তার সঙ্গে সঙ্গতিপূর্ণ সুর মিলিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনিও TMCP-র তরুণ সদস্যদের নিষ্ঠা ও নতুন সংকল্প নিয়ে দলের হয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তাঁর বক্তব্যে স্পষ্ট, সমাজিক ন্যায়বিচার ও উজ্জ্বল ভবিষ্যতের লড়াইয়ে তরুণ প্রজন্মের দায়িত্ব আরও বাড়ছে। অভিষেক লেখেন, “TMCP তরুণদের তাঁদের কণ্ঠস্বর উত্থাপন করতে, উজ্জ্বল আগামীর জন্য অবদান রাখতে সক্ষম। প্রত্যেক সদস্যের দৃঢ় অঙ্গীকারের জন্য তাঁদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”

 

আজ, বৃহস্পতিবার দুপুরে কলকাতার মেয়ো রোডে (Mayo Road) গান্ধীমূর্তির পাদদেশে হচ্ছে প্রতিষ্ঠাবার্ষিকী সভা। সেখানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বক্তব্য রাখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। বছর ঘুরতেই ভোট—তাই ছাত্র সংগঠনের সভা ঘিরে রাজনৈতিক মহলেও কৌতূহল তুঙ্গে।

এদিনের বার্তায় মমতা ছাত্র সংগঠনের পুরনো-নতুন সকলে উদ্দেশ্য করে লিখেছেন, “তৃণমূল ছাত্র পরিষদের এই ঐতিহাসিক প্রতিষ্ঠা দিবসে আমি এর নতুন-পুরোনো সকল সদস্যকে জানাই অভিনন্দন।” পাশাপাশি তিনি মনে করিয়ে দিয়েছেন, ছাত্র সংগঠন তৃণমূল পরিবারের অবিচ্ছেদ্য অঙ্গ, এবং বাংলার উন্নয়ন ও শক্তিশালী ভবিষ্যৎ গড়ার লড়াইয়ে তাঁদের ভূমিকা অপরিসীম।

Advertisement
ads