ভাইরাল খবর
কোলাঘাটে শুভেন্দু অধিকারীর মেগা বৈঠক! একমঞ্চে তৃণমূলের তিন ‘বিদ্রোহী’ বিধায়ক ও সাংসদ
ডিজিটাল ডেস্কঃ কোলাঘাটের বলাকা মঞ্চে আয়োজিত মুখ্যমন্ত্রী (Chief Minister) শুভেন্দু অধিকারীর ডাকা গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক ঘিরে মঙ্গলবার রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। কারণ, এই বৈঠকে এসেছেন তৃণমূল কংগ্রেসের একাধিক জনপ্রতিনিধি। তাঁদের মধ্যে ছিলেন কেশপুরের তৃণমূল বিধায়ক শিউলি সাহা, মেদিনীপুরের তৃণমূল সাংসদ জুন মালিয়া এবং ঘাটালের সাংসদ দীপক অধিকারী ওরফে দেব।
বিশেষভাবে নজর কেড়েছেন জুন মালিয়া। একসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘নয়নের মণি’ বলে আখ্যা দেওয়া এই সাংসদের গলায় ভোট-পরবর্তী সময়ে শুভেন্দু অধিকারীর প্রশংসার সুর শোনা গিয়েছিল। তারই মধ্যে দিল্লিতে বিদ্রোহী সাংসদদের বৈঠকে অংশ নেওয়ার পর কোলাঘাটের প্রশাসনিক সভায় তাঁর উপস্থিতি নতুন রাজনৈতিক জল্পনার জন্ম দিয়েছে।
অন্যদিকে, অভিনেতা-সাংসদ দেবের উপস্থিতি নিয়েও তৈরি হয়েছে কৌতূহল। দিল্লির বৈঠকে তিনি অংশ নিলেও নিজেকে প্রচারের আলো থেকে দূরে রেখেছিলেন। বৈঠক শেষে শুটিং (Shooting)-এ ফিরে গিয়ে সামাজিক মাধ্যমে (Social Media) তিনি লিখেছিলেন, “যেখানে থাকার কথা, সেখানে ফিরে এসেছি।” তবে কোলাঘাটের সভায় তাঁর উপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা আরও জোরদার হয়েছে।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার উন্নয়নমূলক প্রকল্প (Development Projects), প্রশাসনিক সমন্বয় (Administrative Coordination) এবং আইন-শৃঙ্খলা (Law & Order) পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক, মহকুমাশাসক (SDO), বিডিও (BDO), পুলিশ সুপার এবং বিভিন্ন দপ্তরের শীর্ষ আধিকারিকরাও।
বৈঠকে যোগ দিয়ে শিউলি সাহা বলেন, “ডাক পেয়ে ভালো লাগছে। বিরোধী দলের প্রতিনিধিদেরও মানুষ নির্বাচিত করেছেন। প্রশাসনিক সিদ্ধান্তে তাঁদের মতামত নেওয়া প্রশংসনীয় উদ্যোগ।” যদিও বৈঠকে অংশগ্রহণকারী জনপ্রতিনিধিদের পক্ষ থেকে রাজনৈতিক তাৎপর্য নিয়ে কোনও আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি, তবুও কোলাঘাটের এই সভা ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।
