রাজনীতি
অভিষেকের ‘সেনাপতি’ এবার বিদ্রোহী শিবিরে? দিল্লিতে কাকলিদের ব্লকে সায়নীকে নিয়ে জল্পনা
ডিজিটাল ডেস্কঃ দিল্লির রাজনৈতিক মহলে মঙ্গলবার নতুন করে জল্পনা ছড়িয়েছে যাদবপুরের তৃণমূল সাংসদ (MP) সায়নী ঘোষকে ঘিরে। সূত্রের দাবি, লোকসভায় (Lok Sabha) পৃথক ব্লক গঠনের উদ্যোগ নেওয়া বিদ্রোহী সাংসদদের তালিকায় এবার যোগ হতে পারে সায়নীর নামও।
জানা গিয়েছে, তৃণমূলের একাংশ ইতিমধ্যেই পৃথক ব্লক (Separate Block) তৈরির প্রক্রিয়া শুরু করেছে। এই বিষয়ে লোকসভার স্পিকার (Speaker) ওম বিড়লাকে চিঠি দেওয়ার প্রস্তুতি চলছে। সূত্রের খবর, সোমবার রাত পর্যন্ত ১৬ জন সাংসদ সেই চিঠিতে সই করেছেন। মঙ্গলবার সেখানে ১৭তম নাম হিসেবে সায়নী ঘোষের সই থাকতে পারে বলেই জল্পনা।
তবে এই সম্ভাবনা নিয়ে প্রথমে বিদ্রোহী শিবিরের একাংশের আপত্তি ছিল বলে জানা যাচ্ছে। শতাব্দী রায়, জুন মালিয়া-সহ কয়েকজন সাংসদ সায়নীকে অন্তর্ভুক্ত করা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। পরে দিল্লিতে শতাব্দী রায়ের বাসভবনে আয়োজিত এক ‘চা-চক্রে’ (Tea Meet) বিষয়টি নিয়ে আলোচনা হয় এবং আপত্তি অনেকটাই কাটে বলে সূত্রের দাবি।
রাজনৈতিক মহলে সায়নীকে দীর্ঘদিন ধরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মুখ হিসেবে দেখা হয়। সাংগঠনিক দায়িত্ব থেকে শুরু করে লোকসভা নির্বাচনে তাঁর উত্থানও ছিল আলোচনায়। সেই কারণেই বিদ্রোহী ব্লকে তাঁর সম্ভাব্য যোগদান নিয়ে জল্পনা আরও বেড়েছে।
অন্যদিকে, বিদ্রোহী সাংসদদের দাবি, ভবিষ্যতে আরও অনেক সাংসদ এই ব্লকের সঙ্গে যুক্ত হতে পারেন। যদিও সায়নী ঘোষ এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেননি। ফলে দিল্লির রাজনৈতিক অন্দরে এখন নজর তাঁর পরবর্তী অবস্থানের দিকেই।
