দেশের খবর
কলেজের চার তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী ছাত্র, ফেসবুক পোস্টে অবসাদের ইঙ্গিত
ডিজিটাল ডেস্কঃ মধ্যপ্রদেশের ইন্দোরে মর্মান্তিক এক ঘটনার সাক্ষী রইল দ্বারকাপুরী এলাকার একটি কলেজ। বিএসসি তৃতীয় বর্ষের ছাত্র ময়ূর রাজপুত (২০) কলেজের চতুর্থ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। শনিবার দুপুরে ঘটে যাওয়া এই ঘটনার পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, মানসিক অবসাদের কারণেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ময়ূর। মৃত্যুর আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেছিলেন তিনি। সেই পোস্টে লেখা ছরুন “আমি না ভালো ছাত্র হতে পেরেছি, না ভালো সন্তান।” এই পোস্টের ভিত্তিতে তদন্তকারীদের ধারণা, পারিবারিক কিংবা শিক্ষাগত চাপের কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।
আরও পড়ুনঃবিদেশের মাটিতে হিন্দু মন্দিরে হামলা! পাল্টা প্রতিক্রিয়া ভারতের
এই আকস্মিক ঘটনার পর কলেজের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে পুলিশ। ফুটেজে দেখা গেছে, ঝাঁপ দেওয়ার আগেও ছাত্রটি বেশ কিছুক্ষণ চতুর্থ তলার করিডরে হাঁটাহাঁটি করছিলেন। এরপরই আচমকা নিচে ঝাঁপ দেন।
কলেজের সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে কথা বলছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে, কলেজে তিনি কোনো মানসিক চাপের মুখে পড়েছিলেন কি না, কিংবা সহপাঠী বা শিক্ষকদের সঙ্গে কোনো সমস্যা হয়েছিল কি না। পাশাপাশি, তাঁর পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলা হচ্ছে, যাতে বোঝা যায়, পারিবারিক কোনো সমস্যার কারণে তিনি এই চরম সিদ্ধান্ত নিয়েছিলেন কি না।
দ্বারকাপুরীর সহকারী ডিসিপি আনন্দ যাদব জানান, “প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যার ঘটনা বলে মনে করা হচ্ছে। তবে আমরা সব দিক খতিয়ে দেখছি। ছাত্রটি মানসিক অবসাদে ভুগছিলেন বলে মনে হচ্ছে, কারণ তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টেও সেটির ইঙ্গিত রয়েছে। তাঁর পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলে বোঝার চেষ্টা করব, পারিবারিক কোনো সমস্যা ছিল কি না।”
