দেশের খবর
৩১ হাজার কোটি টাকার ঋণ অনাদায়ী, রিলায়েন্সের বিরুদ্ধে ফের আইনি পথে SBI
নয়াদিল্লি: দেশের অন্যতম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) ফের অনিল অম্বানির সংস্থা রিলায়েন্স পাওয়ারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে চলেছে। তাদের দাবি, সংস্থাটি দীর্ঘদিন ধরে চুক্তিভঙ্গ করে কোটি টাকার ঋণ শোধ করেনি, যা স্পষ্টভাবে প্রতারণার শামিল। ইতিমধ্যে RBI-কে জানানো হয়েছে বিষয়টি। এবার তারা সরাসরি সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI)-এর শরণাপন্ন হতে চলেছে।
সোমবার লোকসভায় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানান, অনিল অম্বানির সংস্থার বিরুদ্ধে RBI-তে আগে থেকেই প্রতারণার অভিযোগ জানানো হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই এবার সিবিআই তদন্তের দাবি তুলছে SBI।
প্রসঙ্গত, ২০২০ সালেও অনিল অম্বানির বিরুদ্ধে একই ধরনের অভিযোগ এনে সিবিআইয়ের দ্বারস্থ হয়েছিল SBI। পরে আদালতের হস্তক্ষেপে সেই অভিযোগ প্রত্যাহার করা হয় ২০২৩ সালে। তবে দুই বছর পর ফের কেন এই অভিযোগ?
SBI-এর দাবি, অনিল অম্বানির রিলায়েন্স কমিউনিকেশন থেকে নেওয়া মোট ঋণের পরিমাণ ৩১,৫৮০ কোটি টাকা। এর মধ্যে ২,২২৭ কোটি টাকা ২০১৬ সাল থেকে এখনো বকেয়া, যার মধ্যে মূলধন ও সুদ— উভয়ই অন্তর্ভুক্ত। সংস্থাটি বারংবার নোটিশ দেওয়ার পরও সন্তোষজনক কোনও জবাব দিতে পারেনি, বরং চুক্তিভঙ্গ করেছে।
সেই কারণেই আবারও অনিল অম্বানিকে ‘প্রতারক’ হিসেবে চিহ্নিত করে কেন্দ্রীয় তদন্ত সংস্থার হস্তক্ষেপ দাবি করছে SBI।