দেশের খবর
পাসপোর্টহীন ছাত্রের পরীক্ষার কেন্দ্র আবু ধাবিতে! নিট রি-টেস্টের আগে এনটিএ-র চরম গাফিলতি
ডিজিটাল ডেস্কঃ নিট-ইউজি (NEET-UG 2026) পুনরায় পরীক্ষার (Re-Test) ঠিক আগের মুহূর্তে জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)-র এক চরম গাফিলতির ঘটনা সামনে এসেছে। অ্যাডমিট কার্ডে (Admit Card) ভুল পরীক্ষাকেন্দ্র (Exam Centre) উল্লেখ হওয়ায় চরম ভোগান্তির মুখে পড়েছেন মহারাষ্ট্রের নাগপুরের এক পরীক্ষার্থী।
জানা গিয়েছে, নাগপুরের বাসিন্দা আব্দুল্লাহ মহম্মদ তালিব আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য নিট রি-টেস্টে অংশ নেওয়ার কথা। কিন্তু এনটিএ-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পর তিনি দেখেন, তাঁর পরীক্ষাকেন্দ্র হিসেবে ভারতের কোনও শহরের বদলে সংযুক্ত আরব আমিরশাহীর (UAE) আবু ধাবির একটি ইন্ডিয়ান স্কুলের নাম উল্লেখ রয়েছে।
অথচ আবেদন করার সময় তিনি নাগপুর, ওয়ার্ধা এবং ভাণ্ডারাকে পছন্দের পরীক্ষাকেন্দ্র হিসেবে নির্বাচন করেছিলেন। এই ঘটনায় পরীক্ষার্থী ও তাঁর পরিবার গভীর উদ্বেগে পড়ে। আব্দুল্লাহর বাবা ডা. মহম্মদ তালিব জানান, অ্যাডমিট কার্ড দেখার পর থেকেই তাঁর ছেলে মানসিকভাবে ভেঙে পড়েছে। উপরন্তু, তাঁর কোনও পাসপোর্ট (Passport) না থাকায় বিদেশে গিয়ে পরীক্ষা দেওয়া সম্ভব নয়।
ঘটনাটি সামাজিক মাধ্যমে (Social Media) ছড়িয়ে পড়তেই ব্যাপক সমালোচনা শুরু হয়। পরে বিষয়টি এনটিএ-র নজরে আনা হলে সংস্থা জানায়, এটি একটি প্রযুক্তিগত ত্রুটি (Technical Glitch)। অভিযোগ খতিয়ে দেখে দ্রুত সংশোধিত অ্যাডমিট কার্ড (Revised Admit Card) ইস্যু করা হবে এবং নাগপুরেই নতুন পরীক্ষাকেন্দ্র বরাদ্দ করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
উল্লেখ্য, নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষা রবিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত পেন-অ্যান্ড-পেপার (Pen-and-Paper Mode) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। পরীক্ষার ঠিক আগে এমন ঘটনায় ফের প্রশ্নের মুখে পড়েছে এনটিএ-র প্রস্তুতি ও বিশ্বাসযোগ্যতা।
