নিটের প্রশ্ন ফাঁসের মানসিক চাপে মৃত্যুমিছিল! ক্ষতিপূরণ ও শিক্ষামন্ত্রীর ইস্তফা চেয়ে মোদিকে চিঠি সিজেপির
Connect with us

দেশের খবর

নিটের প্রশ্ন ফাঁসের মানসিক চাপে মৃত্যুমিছিল! ক্ষতিপূরণ ও শিক্ষামন্ত্রীর ইস্তফা চেয়ে মোদিকে চিঠি সিজেপির

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দেশজুড়ে নিট (NEET-UG 2026) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং প্রশাসনিক গাফিলতির জেরে সৃষ্ট প্রবল মানসিক চাপে দেশের তরুণ প্রজন্মের মধ্যে আত্মহত্যার প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। গত মাত্র এক সপ্তাহে সারা দেশে ১১ জন নিট পরীক্ষার্থী চরম পথ বেছে নিয়েছেন, যার মধ্যে গত ৪৮ ঘণ্টাতেই ৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিক্ষাব্যবস্থার এই নজিরবিহীন ব্যর্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) সরাসরি হস্তক্ষেপ দাবি করল ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)।

সিজেপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে প্রধানমন্ত্রীকে একটি খোলা চিঠি (Open Letter) লিখে মৃত পরীক্ষার্থীদের পরিবারপিছু ১ কোটি টাকা আর্থিক ক্ষতিপূরণ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের (Dharmendra Pradhan) ইস্তফা দাবি করেছেন। চিঠিতে উল্লেখ করা হয়েছে, সন্তানদের ডাক্তার করার স্বপ্ন পূরণের জন্য অনেক পরিবারই বিপুল অঙ্কের শিক্ষামূলক ঋণ (Education Loan) নিয়েছিলেন। কিন্তু ব্যবস্থার এই চরম অরাজকতার কারণে স্বপ্ন চুরমার হওয়ার পাশাপাশি পরিবারগুলি আজ তীব্র আর্থিক বিপর্যয়ের মুখে। আগামী ২১ জুনের পুনর্বার পরীক্ষার (Re-examination) সিদ্ধান্ত পড়ুয়াদের মানসিক চাপ আরও বাড়িয়ে দিয়েছে।

উল্লেখ্য, গত ৩ মে হওয়া এই পরীক্ষায় ২২.৭ লক্ষেরও বেশি পরীক্ষার্থী বসলেও প্রশ্ন ফাঁসের জোরালো অভিযোগে তা বাতিল করতে বাধ্য হয় কেন্দ্র। বর্তমানে সিবিআই (CBI) এই দুর্নীতির তদন্ত করছে। এরই মাঝে গুজরাত, রাজস্থান, দিল্লি ও উত্তরপ্রদেশসহ একাধিক রাজ্য থেকে লাগাতার মৃত্যুর খবর আসছে। সিজেপি প্রধানের সাফ কথা, গোটা দেশ শিক্ষাব্যবস্থায় দায়বদ্ধতা (Accountability) চাইছে এবং তার প্রথম ধাপ হিসেবে শিক্ষামন্ত্রীকে অবিলম্বে বরখাস্ত (Dismiss) করা উচিত।