দুর্ঘটনা
তামিলনাড়ুতে ভয়াবহ গ্যাস লিক! চিংড়ি কারখানায় ৭ মৃত্যু, শতাধিক শ্রমিক বিপদে
ডিজিটাল ডেস্কঃ তামিলনাড়ুর তিরুভাল্লুর জেলায় একটি চিংড়ি প্রক্রিয়াকরণ ও রফতানি কারখানায় বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস লিকের (Ammonia Gas Leak) ফলে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। পেরিয়াপালায়মের কাছে কানিগাইপেয়ার গ্রামে অবস্থিত ‘সেন্ট পিটার্স পল সি-ফুডস এক্সপোর্টস’ কারখানায় রবিবারের এই মর্মান্তিক ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭। মৃতদের প্রত্যেকেই মহিলা শ্রমিক। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের ভেন্টিলেটরসহ (Ventilator) চিকিৎসাধীন রয়েছেন ৬০ জনেরও বেশি শ্রমিক। কারখানায় কর্মরত শ্রমিকদের একটি বড় অংশ ওড়িশা, ঝাড়খণ্ড এবং বিহারের মতো উত্তর ও পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিক (Migrant Labourers)।
স্থানীয় সূত্রে জানা গেছে, কারখানায় মাছ ও সামুদ্রিক খাদ্য ঠান্ডা রাখার জন্য কুল্যান্ট (Coolant) হিসেবে ব্যবহৃত অ্যামোনিয়া গ্যাস পরিমাপ করার ভাল্ভ (Measure Valve) থেকে আচমকাই নির্গত হতে শুরু করে। মুহূর্তের মধ্যে কারখানার বাতাস বিষাক্ত গ্যাসে ভরে যায়। শ্রমিকরা তীব্র ঝাঁঝালো গন্ধ পাওয়ার পরই শ্বাসকষ্ট (Breathlessness), চোখে জ্বালা, মাথা ঘোরা ও বমি করতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং কারখানার ভেতরে আটকে পড়াদের উদ্ধার করতে তামিলনাড়ুর আরাকোনাম থেকে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এনডিআরএফ (NDRF)-এর একটি বিশেষ কেমিক্যাল টিম যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করে। এনডিআরএফ জওয়ানরা পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট বা পিপিই (PPE) কিট পরে এবং বিশেষ সিবিআরএন (CBRN) রেসকিউ গিয়ার নিয়ে ভেতরে প্রবেশ করেন।
এই মর্মান্তিক ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র আরলেকর এবং মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। এই গাফিলতির প্রেক্ষিতে ইতিমধ্যেই একটি এফআইআর (FIR) দায়ের করে জিজ্ঞাসাবাদের জন্য ওই কোম্পানির দুই মালিককে পুলিশি হেফাজতে (Police Custody) নেওয়া হয়েছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য মুখ্যমন্ত্রী একটি উচ্চপর্যায়ের ৩ সদস্যের তদন্ত কমিটি (Investigation Committee) গঠন করেছেন এবং তাঁদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তীকালীন ও ৩ দিনের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার কড়া নির্দেশ দিয়েছেন।
