রাজনীতি
‘হাত’ ছেড়ে ‘পদ্ম’ হাতে সন্তোষ পাঠক: বিধানসভা ভোটের মুখে কলকাতায় কংগ্রেসের দুর্গে ধস
ডিজিটাল ডেস্কঃ ২০২৬-এর বিধানসভা মহাযুদ্ধের (Assembly Election) আগে কলকাতায় বড়সড় ভাঙন জাতীয় কংগ্রেসে (Congress)। তৃণমূলের প্রবল ঝড়েও যিনি নিজের ‘গড়’ অক্ষত রাখতে পেরেছিলেন, সেই দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক (Santosh Pathak) সোমবার আনুষ্ঠানিকভাবে বিজেপি-তে যোগ দিলেন। নিউটাউনে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের উপস্থিতিতে গেরুয়া পতাকা হাতে তুলে নেন কলকাতার ৪৫ নম্বর ওয়ার্ডের এই বর্ষীয়ান পৌরপিতা।
দীর্ঘ ২২ বছর ধরে মধ্য কলকাতায় কংগ্রেসের একনিষ্ঠ মুখ হিসেবে পরিচিত সন্তোষ পাঠক। রাজনৈতিক মহলে গুঞ্জন, আসন্ন নির্বাচনে বিজেপি তাঁকে ‘চৌরঙ্গী’ (Chowringhee) বিধানসভা আসনে প্রার্থী করতে পারে। যদিও ২০২১ সালে তিনি কংগ্রেসের টিকিটে এই কেন্দ্রে লড়েছিলেন, তবে এবার বিজেপির সাংগঠনিক শক্তির ওপর ভর করে জয় নিশ্চিত করতে চান তিনি। যোগদানের পরই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তৃণমূলকে আক্রমণ শানিয়ে সন্তোষ বলেন, “আমি ব্রাহ্মণ সন্তান। পুজো যেমন জানি, তেমনই শ্রাদ্ধ করতেও জানি। এবার তৃণমূলের বিসর্জন দেওয়াই আমার লক্ষ্য।”
সন্তোষ পাঠকের অভিযোগ, গত নির্বাচনে প্রশাসন ও পুলিশের মদতে তাঁর জয় ছিনিয়ে নেওয়া হয়েছিল। তিনি সাফ জানান, কংগ্রেসের পক্ষে তৃণমূলকে সরানো অসম্ভব (Impossible), একমাত্র নরেন্দ্র মোদীর নেতৃত্বেই বাংলায় পরিবর্তন সম্ভব। শমীক ভট্টাচার্য সন্তোষবাবুর দীর্ঘদিনের একবগগা কংগ্রেসী সত্তার প্রশংসা করে বলেন, বর্তমান পরিস্থিতিই তাঁকে দলবদলের (Defection) মতো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। বিধানসভা ভোটের মুখে এই দাপুটে নেতার প্রস্থান কংগ্রেসের জন্য এক অপূরণীয় ক্ষতি (Irreparable Loss) বলে মনে করছে ওয়াকিবহাল মহল।


