“বিজেপির কথায় কাজ করছে কমিশন”: কলকাতা বিমানবন্দরে সংবাদপত্র হাতে প্রতিবাদ মমতার
Connect with us

রাজনীতি

“বিজেপির কথায় কাজ করছে কমিশন”: কলকাতা বিমানবন্দরে সংবাদপত্র হাতে প্রতিবাদ মমতার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ২০২৬-এর বিধানসভা নির্বাচনের (Assembly Election) মুখে নির্বাচন কমিশন ও বিজেপির তথাকথিত আঁতাঁত নিয়ে রণংদেহি মেজাজে ধরা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কেরল সিপিএমের (CPM) পোস্ট করা ২০১৯ সালের একটি বিতর্কিত চিঠি ঘিরে সোমবার থেকেই তোলপাড় জাতীয় রাজনীতি। ওই চিঠিতে নির্বাচন কমিশনের (Election Commission) সরকারি বার্তার পাশে বিজেপির প্রতীক (Symbol) ও সিলমোহর (Seal) দেখা যাওয়ায় সরব হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে সেই সংবাদের ক্লিপিং হাতে নিয়ে সরাসরি কমিশনকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “নির্বাচন কমিশনের চিঠিতে বিজেপির স্ট্যাম্প! ভালো করে দেখুন, ঝুলি থেকে বিড়ালটা এবার বেরিয়ে পড়ল। কমিশন পুরোপুরি বিজেপির কথায় একপেশেভাবে কাজ করছে।” তিনি অভিযোগ করেন, নন্দীগ্রামের বিডিও-কে (BDO) ভবানীপুরে নিয়ে আসা হয়েছে শুধুমাত্র ‘গদ্দারের’ পছন্দের লোক হওয়ার কারণে। রাজ্য পুলিশের ডিজি ও মুখ্যসচিব বদলের পর রিটার্নিং অফিসারদের (Returning Officer) গণ-বদলি নিয়েও ক্ষোভ উগড়ে দেন তিনি। কমিশনের উদ্দেশ্যে তাঁর চ্যালেঞ্জ, “পিছন থেকে খেলছেন কেন? হিম্মত থাকলে সামনাসামনি খেলাটা খেলুন।”

শুধু বদলি নয়, সোমবার মাঝরাতে অতিরিক্ত ভোটার তালিকা (Additional Voter List) প্রকাশ নিয়েও গভীর সন্দেহ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর প্রশ্ন, “মাঝরাতে তালিকা প্রকাশের কী দরকার ছিল? কীসের এত ভয়? নিশ্চয়ই এর মধ্যে স্বচ্ছতা (Transparency) নেই। একতরফাভাবে নাম ঢোকানো বা বাদ দেওয়ার কোনো অভিসন্ধি রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ ভোটাররাও।” বিধানসভা ভোটের আগে কমিশনের বিশ্বাসযোগ্যতা (Credibility) নিয়ে মুখ্যমন্ত্রীর এই সরাসরি আক্রমণ বাংলার নির্বাচনী উত্তাপকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement