‘নিট পুরোপুরি তুলে দেওয়া হোক’! তামিলনাড়ুতে জোরালো দাবি বিজয়ের দল টিভিকে-র
Connect with us

দেশের খবর

‘নিট পুরোপুরি তুলে দেওয়া হোক’! তামিলনাড়ুতে জোরালো দাবি বিজয়ের দল টিভিকে-র

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ নিট (NEET) পরীক্ষাকে ঘিরে দেশজুড়ে বিতর্কের আবহে বড় রাজনৈতিক বার্তা দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থলপতি বিজয় (Thalapathy Vijay)। তাঁর স্পষ্ট বক্তব্য, শুধুমাত্র প্রশ্নফাঁস বা অনিয়মের তদন্তই যথেষ্ট নয়, বরং NEET পরীক্ষা সম্পূর্ণভাবে বাতিল করা উচিত। পাশাপাশি চিকিৎসা শিক্ষা (Medical Education)-সহ শিক্ষা সংক্রান্ত বিষয়ে রাজ্যগুলিকে পূর্ণ প্রশাসনিক ক্ষমতা দেওয়ার দাবিও তুলেছে তাঁর দল তামিলাগা ভেট্রি কাজাগাম (TVK)

দেশজুড়ে NEET প্রশ্নফাঁস বিতর্ক এবং ছাত্র আন্দোলনের (Student Protest) মধ্যেই টিভিকে জানিয়ে দিয়েছে, এই ইস্যুতে তাদের অবস্থান “আপসহীন”। দলের দাবি, শিক্ষা বিষয়টি সংবিধানের Concurrent List থেকে সরিয়ে State List-এ অন্তর্ভুক্ত করা হোক। যদি তাৎক্ষণিকভাবে তা সম্ভব না হয়, তবে অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে একটি বিশেষ তালিকার মাধ্যমে শিক্ষা সংক্রান্ত অধিকাংশ ক্ষমতা রাজ্যগুলির হাতে তুলে দেওয়া উচিত।

উল্লেখ্য, চলতি বছরের NEET-UG পরীক্ষায় প্রায় ২৩ লক্ষ পরীক্ষার্থী অংশ নেন। পরে প্রশ্নফাঁসের অভিযোগ সামনে আসে। তদন্তে জানা যায়, পরীক্ষার আগেই কিছু পরীক্ষার্থীর হাতে সম্ভাব্য প্রশ্নপত্র পৌঁছে গিয়েছিল এবং তার বহু প্রশ্ন মূল পরীক্ষার সঙ্গে মিলে যায়। এরপর পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়া হয়। টিভিকে তাদের বিবৃতিতে কোনও দলের নাম না করলেও ডিএমকে (DMK)-কে পরোক্ষে কটাক্ষ করেছে। দলের বক্তব্য, শুধুমাত্র ভোটের স্বার্থে NEET বাতিলের প্রতিশ্রুতি দিয়ে মানুষকে বিভ্রান্ত করার রাজনীতিতে তারা বিশ্বাসী নয়। বরং দীর্ঘমেয়াদি ও কার্যকর সমাধানের পক্ষেই তারা।

একইসঙ্গে দলটি জানায়, চিকিৎসা শিক্ষা-সহ সামগ্রিক শিক্ষা ব্যবস্থার উপর রাজ্যগুলির কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাই তাদের মূল লক্ষ্য। রাজনৈতিক মহলের মতে, NEET ইস্যুতে বিজয়ের এই অবস্থান আগামী দিনে জাতীয় রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিতে পারে।

Advertisement
ads ads