প্রতারণা
১৭,০০০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারি! অনিল আম্বানির সিউইন্ড বাড়িতে সিবিআই-এর নজরদারি অভিযান
Digital Desk: ফের শিরোনামে অনিল আম্বানি (Anil Ambani)। দেশের অন্যতম শিল্পপতির মুম্বইয়ের (Mumbai) কুফে প্যারেডের (Cuffe Parade) বাড়িতে তল্লাশি চালাল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI)। শনিবার ভোরে প্রায় ৭-৮ জন আধিকারিকের একটি দল ১৭,০০০ কোটি টাকার ব্যাংক প্রতারণা মামলার তদন্তে তাঁর সিউইন্ড (Sea Wind) আবাসনে পৌঁছে যায়। পরিবারের উপস্থিতিতেই শুরু হয় তল্লাশি অভিযান।
সূত্রের খবর, ১৭,০০০ কোটি টাকার আর্থিক প্রতারণা মামলায় অনিল আম্বানির সংস্থাগুলির বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে এই পদক্ষেপ। এর আগে গত ৪ অগস্ট একই মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) অনিল আম্বানির বিভিন্ন কোম্পানির অফিসে অভিযান চালায় এবং তাঁকে অফিসে হাজিরাও দেয়। জুলাইয়ের শেষ সপ্তাহে একাধিক এফআইআর দায়ের হওয়ার পর থেকেই সক্রিয় হয় ইডি। দিল্লি ও মুম্বই-সহ প্রায় ৩৫টি জায়গায় সেদিন অভিযান চলে।
ইডি-র দাবি, একটি সুপরিকল্পিত প্রতারণা চক্রের মাধ্যমে ব্যাঙ্ক, লগ্নিকারী সংস্থা এবং সাধারণ বিনিয়োগকারীদের টাকার অপব্যবহার হয়েছে। অভিযোগ, বিপুল পরিমাণ ঋণ পাইয়ে দিতে ঘুষ দেওয়া হয়েছিল ব্যাংকের শীর্ষ কর্তাদের। বিশেষত, ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে ইয়েস ব্যাঙ্ক (Yes Bank) অনিল আম্বানির রাগা (RAAGA) গ্রুপের বিভিন্ন কোম্পানিকে প্রায় ৩,০০০ কোটি টাকার ঋণ দেয়। তদন্তে উঠে এসেছে, ঋণ দেওয়ার আগে ইয়েস ব্যাঙ্কের তৎকালীন প্রোমোটাররা নিজেদের ব্যক্তিগত সংস্থাগুলিতে অর্থ পান, যা ছিল বেআইনি ‘কুইড প্রো কো’ (Quid Pro Quo) চুক্তির অংশ।
ইতিমধ্যেই ৫০টিরও বেশি সংস্থা এবং প্রায় ২৫ জন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। এখন সিবিআই সরাসরি অনিল আম্বানির বাড়িতে প্রবেশ করায় মামলার গতি নতুন দিকে মোড় নিল বলে মনে করছেন তদন্তকারীরা।


