জাতীয় সড়ক সম্প্রসারণে ধূলোয় ওষ্ঠাগত বাসিন্দারা সামিল পথ অবরোধে
Connect with us

রায়গঞ্জ

জাতীয় সড়ক সম্প্রসারণে ধূলোয় ওষ্ঠাগত বাসিন্দারা সামিল পথ অবরোধে

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ০৫ এপ্রিল : জাতীয় সড়ক সম্প্রসারণের কাজে ধূলোর দাপটে অতিষ্ট হয়ে পথ অবরোধে সামিল হলেন এলাকার বাসিন্দারা। সোমবার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে রায়গঞ্জের পানিশালায়। দীর্ঘ সময় ধরে রায়গঞ্জের রুপাহার থেকে ডালখোলা পর্যন্ত ৩৪নং জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ শুরু হয়েছে।

জাতীয় সড়ক সম্প্রসারনের কাজের কারনে সবসময় ধূলি ধূসরিত হয়ে থাকছে এলাকা। ধূলো ঢুকে রাস্তার পাশে থাকা দোকান- বাড়িঘরেও।ফলে জেরবার হতে হচ্ছে এলাকার বাসিন্দাদের।এই সমস্যা সমাধানে নির্মীয়মান রাস্তায় প্রতিনিয়ত জল দেওয়ার দাবীও তোলেন এলাকার বাসিন্দারা।যদিও তা না হওয়ায় জাতীয় সড়ক কর্তৃপক্ষের উদাসীনতার প্রতিবাদে সোমবার পানিশালায় ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে স্থানীয় বাসিন্দারা।আব্দুল রাসেদ নামে এক এলাকাবাসী বলেন, বেশকিছু দিন তারা এই ধূলোর সমস্যা সহ্য করে আসছে। দোকান,বাড়ি ঘরে ঢুকে পড়ছে ধূলো। ধুলোর দাপটে প্রাণ ওষ্ঠাগত এলাকাবাসীদের। এজন্য রাস্তায় প্রতিদিন জল দেওয়ার কথাও বলা হয় জাতীয় সড়ক কর্তৃপক্ষকে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। ধূলোর দাপটে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন এলাকার।এই সমস্যা সমাধানের দাবীতে এদিন জাতীয় সড়ক অবরোধে সামিল হয় এলাকাবাসীরা।অবরোধের জেরে ব্যাপক যানজট তৈরি হয় এলাকাজুড়ে। যানজটে আটকে পড়ে দূরপাল্লার লড়ি থেকে যাত্রীবাহী বাস ও অন্যান্য যানবাহন। যদিও পরে পুলিশী আশ্বাসে অবরোধ তুলে নেন এলাকার বিক্ষুব্ধ বাসিন্দারা।