উত্তর দিনাজপুর
অতিমারীতে মানুষের পাশে রেড ভলেন্টিয়াররা
নিজস্ব সংবাদদাতা , হেমতাবাদ , ১৩ মে : দেশজুড়ে ক্রমশই নিজের থাবা বিস্তার করছে মারণ ভাইরাস করোনা। দৈনিক আক্রান্তের সংখ্যা উর্ধ্বমুখী পাশাপাশি মৃত্যুর কোলে ঢলে পড়ছে মানুষ। এই পরিস্থিতিতে করোনা আক্রান্ত ও তাঁদের পরিবারের পাশে দাঁড়িয়ে সব রকমের সহযোগিতা করতে তৈরি হয়েছে তরুণ স্বেচ্ছাসেবকদের দল।
গত বছর করোনা অতিমারীর সময়ও ঠিক একই ভাবে মানুষের পাশে এসে দাঁড়িয়ে ছিল তারা। করোনা পরিস্থিতিতে কোনও মানুষ যদি কোনও রকম অসুবিধার সম্মুখীন হয় তখন রেড ভলান্টিয়ারদের সাথে যোগাযোগ করলে তারা তার উদ্দেশ্যে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। যে কোনও ধরনের জরুরি পরিষেবা দিতেও প্রস্তুত বলে জানিয়েছেন রেড ভলেন্টিয়াররা। মহামারির ভয়কে একপ্রকার জয় করেই প্রতিনিয়ত মানুষের সাহায্যে এগিয়ে যাচ্ছে তারা। এরই উদাহরণ দেখা গেল উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদে। হেমতাবাদে তৃণমূলের পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষের মা করোনা আক্রান্ত হওয়ায় বৃহস্পতিবার তার বাড়ি স্যানিটাইজ করা হল রেড ভলেন্টিয়ারস্ এর পক্ষ থেকে। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানালেন পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষে পিনাকি চ্যাটার্জি। হান্নান আলি চৌধুরী, রতন বর্মন সহ রেড ভলেন্টিয়ারস্ এর অন্যান্য সদস্যরা এই অতিমারীতে দিন রাত এক করে মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়েছে।
