স্বাস্থ্য সাথী কার্ডের ছবি তুলতে না পেরে বিক্ষোভ ক্ষুব্ধ গ্রামবাসীদের
Connect with us

দক্ষিণ দিনাজপুর

স্বাস্থ্য সাথী কার্ডের ছবি তুলতে না পেরে বিক্ষোভ ক্ষুব্ধ গ্রামবাসীদের

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , বালুরঘাট , ২৪ জানুয়ারী : বিধানসভা ভোটে এবার তৃণমূলের হাতিয়ার স্বাস্থ্য সাথী কার্ড। সেই কার্ডকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ব্যাপকভাবে প্রচার এবং স্বাস্থ্য সাথী কার্ডের ছবি তোলার জন্য বিভিন্ন জায়গায় ক্যাম্প বসিয়েছে প্রশাসন। রবিবার বালুরঘাট বিডিও অফিসের সামনে ছবি তোলার সুযোগ না পেয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।

তাদের অভিযোগ মাইকে স্বাস্থ্য সাথী কার্ডের ছবি তোলার জন্য পঞ্চায়েত থেকে কাগজ আনতে বলা হয়নি। অথচ এখানে আসার পর সেই কাগজ দাবি করছেন ছবি তোলার কাজে দায়িত্ব কর্মীরা। কাগজ না থাকায় ছবি তুলতে দেওয়া হয়নি তাদের। স্বাস্থ্য সাথী কার্ডের জন্য ছবি তোলা নিয়ে হয়রানির অভিযোগে বালুরঘাট বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখালেন সাধারণ মানুষ। বিক্ষোভকারীদের বক্তব্য শনিবার ব্লক প্রশাসন থেকে বিভিন্ন গ্রামে মাইকে প্রচার করা হয় রবিবার চতুর্থ পর্যায়ের দুয়ারে সরকারের শেষ দিন। যে সমস্ত বাসিন্দারা স্বাস্থ্য সাথী কার্ডের জন্য স্লিপ পেয়েছেন, তারা যেন বিডিও অফিসে গিয়ে কার্ড তৈরীর জন্য ছবি তোলেন। সেই মতো বিভিন্ন গ্রামের বাসিন্দারা মাইকে বিজ্ঞপ্তি শুনে রবিবার বালুরঘাট বিডিও অফিসে ছবি তুলতে জড়ো হন। কিন্তু ছবি তুলতে গিয়ে তারা জানতে পারেন, ছবি তোলার ক্ষেত্রে সংশ্লিষ্ট পঞ্চায়েত থেকে স্লিপ আনতে হবে। এই ঘটনায় ক্ষোভে ফেটে গ্রামবাসীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, তারা আবেদনপত্রের কাউন্টার পার্ট সঙ্গে এনেছেন। কিন্তু পঞ্চায়েত অফিস থেকে স্লিপ আনার কথা মাইকে ঘোষণা করা হয়নি। ফলে সেই স্লিপ না নিয়ে আসার জন্য এদিন ছবি তুলতে পারেন নি তারা৷ স্লিপ না থাকার জন্য এদিন দূর দূরান্ত থেকে আসা বৃদ্ধ-বৃদ্ধা ও সন্তান কোলে মহিলারা হয়রানি হন। এপ্রসঙ্গে বালুরঘাট বিডিও অফিসে স্বাস্থ্য সাথী কার্ডের ছবি তোলার দায়িত্বপ্রাপ্ত কর্মী সুদীপ বর্মন জানান, স্বাস্থ্য সাথী কার্ড এর যারা আবেদন করেছেন তাদের পঞ্চায়েত থেকে ছবি তোলার স্লিপ ইস্যু করা হবে। সেই স্লিপ থাকলেই ছবি তোলা যাবে।