হামলা
ঘরে ঢুকে মারার যন্ত্রণায় মিথ্যে বলছে পাকিস্তান! সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে গুজব
ডিজিটাল ডেস্কঃ পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের (PoK) বিভিন্ন এলাকায় জঙ্গি সংগঠনের যে ৯টি ঘাঁটি ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)-এ ধ্বংস হয়েছে, তার রেশ এখনও কাটেনি। আজমল কাসভের (Ajmal Kasab) প্রশিক্ষণ কেন্দ্র থেকে শুরু করে জইশ-ই-মহম্মদ (Jaish-e-Mohammed)-এর সদর দপ্তর— একের পর এক সন্ত্রাসবাদী ঘাঁটি ভেঙে চুরমার হয়ে গেছে। কিন্তু সেই ধাক্কা হজম করতে না পেরে এখন চরম বিভ্রান্তিমূলক প্রচারে মেতে উঠেছে পাকিস্তান।
মঙ্গলবার রাতের এই সফল অভিযানের পর থেকেই পাক সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে (Social Media) ছড়িয়ে পড়েছে একের পর এক মিথ্যে দাবি। কোথাও বলা হচ্ছে, পাকিস্তান নাকি পাল্টা প্রত্যাঘাত করেছে ভারতের উপর। কোথাও আবার রটেছে, শ্রীনগরের (Srinagar) এয়ারবেসে হামলা চালিয়েছে পাকিস্তান বায়ুসেনা। কেউ কেউ তো আরও এক ধাপ এগিয়ে বলছেন, ১৫টি ভারতীয় স্থাপনায় নাকি মিসাইল তাক করেছে ইসলামাবাদ।
আরও পড়ুনঃ সীমান্ত পেরিয়ে পাকিস্তানে বিএসএফ জওয়ান, স্ত্রীর আশঙ্কা: এখন আর ওকে ছাড়বে না
এই সমস্ত দাবি যে ভিত্তিহীন এবং সম্পূর্ণ মনগড়া, তা স্পষ্ট করেছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB)। ফ্যাক্ট চেক করে PIB জানিয়ে দিয়েছে— শ্রীনগর বা ভারতের অন্য কোনও সেনা ঘাঁটিতে পাকিস্তান কোনও হামলা চালায়নি, এমনকি চেষ্টা পর্যন্ত করেনি। পাকিস্তানের সরকারঘেঁষা মিডিয়াগুলি এবং একাধিক প্রো-পাকিস্তান অ্যাকাউন্ট গুজব রটিয়ে জনমানসে বিভ্রান্তি তৈরি করতে চাইছে।
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগামে (Pahalgam) ২৬ জন নিরীহ পর্যটক— যাঁদের অধিকাংশই হিন্দু— জঙ্গি হামলার শিকার হন। এর ১৫ দিনের মাথায় ভারত প্রত্যাঘাত করে। ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে পাকিস্তানের ভিতরে প্রবেশ করে একাধিক জঙ্গি সংগঠনের ঘাঁটি নিশানা করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারতীয় সশস্ত্র বাহিনী। এই প্রত্যাঘাতে ধ্বংস হয়েছে লস্কর-ই-তৈবা (Lashkar-e-Taiba), জইশ-ই-মহম্মদ-সহ (JeM) বহু সংগঠনের গোপন ঘাঁটি।
বিশেষজ্ঞদের মতে, এই অভিযানের পর পাকিস্তান কার্যত চাপে। সরাসরি প্রতিক্রিয়া দেখানোর সাহস না পেয়ে তারা এখন মনস্তাত্ত্বিক যুদ্ধের আশ্রয় নিয়েছে। প্রচারের মাধ্যমে পরিস্থিতি ঘোলাটে করার প্রয়াস চালাচ্ছে তারা।
