হামলা
‘অপারেশন সিঁদুর’-এ মাসুদ আজাহারের ঘাঁটিতে ধ্বংসাত্মক হামলা, নিহত পরিবারের ১৪ সদস্য
ডিজিটাল ডেস্কঃ পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীর (PoK)-এর বুকে চালানো ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) ভয়াবহ ধাক্কা দিয়েছে ইসলামাবাদের মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলিকে। সেনা সূত্রে খবর, এই অভিযানে জইশ-ই-মহম্মদ (Jaish-e-Mohammed)-এর তিনটি প্রশিক্ষণ শিবির ধ্বংস হয়েছে। এর মধ্যে একটিতে ছিল জইশ প্রধান মাসুদ আজাহার (Masood Azhar)-এর পরিবারের বাসস্থানও।
বিশ্বস্ত সূত্রের দাবি, মঙ্গলবার গভীর রাতে চালানো এই অপারেশনে মাসুদের পরিবারের অন্তত ১৪ জন সদস্য নিহত হয়েছেন। একইসঙ্গে গুরুতর জখম হয়েছে তার ভাইপো ও শীর্ষ জইশ নেতা রউফ আসগর (Rauf Asghar), যাঁকে বহুদিন ধরেই খুঁজছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (NIA)।
আরও পড়ুনঃঘরে ঢুকে মারার যন্ত্রণায় মিথ্যে বলছে পাকিস্তান! সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে গুজব
বুধবার ভোরে সেনার তরফে জানানো হয়, মোট ৯টি স্থানে লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এর মধ্যে অধিকাংশই ছিল জঙ্গি সংগঠনের ঘাঁটি ও অস্ত্র মজুত রাখার জায়গা। স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়, এই অভিযানে কোনও রকম বেসামরিক এলাকা বা পাকিস্তানের সেনা ঘাঁটিকে নিশানা করা হয়নি।
পাকিস্তান সরকার স্বীকার করেছে যে অন্তত ২৬ জন নিহত হয়েছে। যদিও এখনও পর্যন্ত নিহতদের পরিচয় প্রকাশ করেনি তারা। কূটনৈতিক মহলের মতে, মাসুদের পরিবারের একাধিক সদস্যের মৃত্যু পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতেও চাপ তৈরি করেছে।
ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের বক্তব্য, “এই স্ট্রাইক ছিল সম্পূর্ণ সুনির্দিষ্ট ও নিয়ন্ত্রিত। বেসামরিক প্রাণহানির কোনও খবর নেই। শুধুমাত্র সীমান্তপারের সন্ত্রাসের আঁতুড়ঘরগুলিই আমাদের লক্ষ্য ছিল।”
