বিশ্বের খবর
জাতীয় নিরাপত্তার হুমকি’! প্যালেস্টাইন ইস্যুতে গ্রেফতার ভারতীয় অধ্যাপক
ডিজিটাল ডেস্কঃ আমেরিকায় বসবাসরত আরও এক ভারতীয় গবেষকের ভিসা বাতিল করল মার্কিন প্রশাসন। প্যালেস্টাইনের পক্ষে কথা বলার অভিযোগে বদর খান সুরি নামে ওই গবেষককে গ্রেফতার করা হয়েছে। ওয়াশিংটনের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের এই গবেষকের বিরুদ্ধে ‘ইহুদিবিদ্বেষ’ ছড়ানো এবং হামাসের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগ এনেছে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি। সোমবার রাতে ভার্জিনিয়ার বাড়ির সামনে থেকে তাঁকে আটক করা হয়।
মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘদিন ধরেই আমেরিকায় বসবাস করছিলেন সুরি। তিনি এক মার্কিন নাগরিককে বিয়ে করেছিলেন এবং গবেষণার পাশাপাশি অধ্যাপনার কাজও করতেন। তবে প্রশাসনের দাবি, তাঁর কর্মকাণ্ড জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। সুরির আইনজীবীর বক্তব্য, তাঁর মক্কেলের বিরুদ্ধে অন্যায়ভাবে পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তিনি অভিবাসন আদালতে শুনানির জন্য অপেক্ষা করছেন।
আরও পড়ুনঃতদন্তে গাফিলতির অভিযোগ! সুপ্রিম নির্দেশে সোমে ফের আরজি কর মামলার শুনানি
জানা গেছে, সুরির বিরুদ্ধে মার্কিন অভিবাসন আইনের একটি বিশেষ ধারা প্রয়োগ করেছে প্রশাসন, যা খুব কম ক্ষেত্রেই ব্যবহার করা হয়। এই আইনের আওতায় যেসব অভিবাসী আমেরিকার জন্য ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হন, তাঁদের বহিষ্কার করার অধিকার রয়েছে প্রশাসনের। মার্কিন বিদেশ দফতরের তরফে জানানো হয়েছে, এই সিদ্ধান্তে বিদেশসচিব মার্কো রুবিওরও সম্মতি রয়েছে এবং দ্রুত সুরিকে আমেরিকা থেকে বহিষ্কার করা হবে।
তবে সুরির আইনজীবী যুক্তি দিয়েছেন, তাঁর ক্লায়েন্টের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে, কারণ তাঁর স্ত্রী জন্মসূত্রে প্যালেস্টাইন-সংযুক্ত। এদিকে, প্যালেস্টাইনপন্থী আন্দোলনে অংশ নেওয়ার জন্য এর আগেও ভারতীয় নাগরিকদের ভিসা বাতিল করেছে আমেরিকা। গত সপ্তাহেই কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রী রঞ্জিনী শ্রীনিবাসনের স্টুডেন্ট ভিসা প্রত্যাহার করা হয়, কারণ তিনি প্যালেস্টাইনের সমর্থনে বিক্ষোভে অংশ নিয়েছিলেন।
মার্কিন প্রশাসনের তরফে হোমল্যান্ড সিকিউরিটি সচিব ক্রিস্টি নোয়েম বলেন, ‘‘আমেরিকায় থাকার সুযোগ পাওয়া সৌভাগ্যের বিষয়। কেউ যদি সন্ত্রাসবাদ এবং হিংসার সমর্থনে কথা বলেন, তাহলে তাঁর এই দেশে থাকার অধিকার নেই।’’
