খুন
বাবার হাতে মার খেয়ে প্রাণ হারাল মা, সন্তানের চোখের সামনেই নৃশংসতা
ডিজিটাল ডেস্কঃ পারিবারিক বিবাদের জেরে চরম পরিণতি। বিহারের মুজাফ্ফরপুর জেলার মতিপুর থানার ঝিঙ্গা গ্রামে নিজের স্ত্রীকে নাবালক সন্তানদের সামনেই বেধড়ক পিটিয়ে খুন করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তের নাম মহম্মদ কলিমুল্লাহ ওরফে মুন্না।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার বিকেলে নিজের দ্বিতীয়পক্ষের স্ত্রী মেহেরুন্নিসার সঙ্গে তীব্র অশান্তি বাধে কলিমুল্লাহর। বিবাদের সূত্রপাত কী নিয়ে তা এখনও স্পষ্ট নয়, তবে সেই ঝগড়াই ক্রমশ মারাত্মক রূপ নেয়। অভিযোগ, মেজাজ হারিয়ে লাঠি দিয়ে স্ত্রীর উপর পৈশাচিকভাবে চড়াও হয় অভিযুক্ত। রক্তাক্ত মেহেরুন্নিসা ঘটনাস্থলেই প্রাণ হারান। সবচেয়ে মর্মান্তিক দিক হল, এই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিল কলিমুল্লাহ ও মেহেরুন্নিসার দুই নাবালক সন্তান—সমীর এবং সলমান। শিশুদের চোখের সামনেই চলে মা’কে নির্মমভাবে মারধরের দৃশ্য। প্রতিবেশীদের সাহায্য চাইলেও কেউ এগিয়ে আসেননি বলে অভিযোগ উঠেছে। এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুনঃপড়াশোনা করতে চাওয়া নাবালিকার প্রতিবাদে বন্ধ হল বিয়ে
এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, স্ত্রী নিথর হয়ে পড়ার পরেও থেমে যাননি কলিমুল্লাহ। লাঠি নিয়ে বারবার আঘাত করতে থাকেন স্ত্রীর মৃতদেহের উপর।
পুলিশ জানিয়েছে, ঘটনার কিছুক্ষণের মধ্যেই অভিযুক্ত এলাকা থেকে পালিয়ে যায়। জানা গেছে, নিজের এক ভাইয়ের বিয়েতে যোগ দিতে যাচ্ছিলেন তিনি, আর সেজন্যই স্ত্রীকে তাঁর মামারবাড়ি থেকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। এর কিছু সময় পরেই ঘটে এই ভয়ঙ্কর কাণ্ড।মতিপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে। সাধারণ মানুষকে ভিডিও না ছড়ানোর জন্য অনুরোধ জানানো হয়েছে প্রশাসনের তরফে।
