রাজনীতি
ভিনরাজ্যে বাঙালি হেনস্তার প্রতিবাদে সরব মমতা, বললেন ‘‘আমি অর্ধেক রুটি খেলে আপনিও পাবেন”
ডিজিটাল ডেস্কঃ ভিনরাজ্যে বাঙালিদের উপর চলা নির্যাতনের প্রতিবাদে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার বোলপুরে (Bolpur) এক প্রতিবাদ মিছিলে অংশ নিয়ে তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। যদিও সরাসরি কারও নাম উল্লেখ করেননি, কিন্তু তাঁর বক্তব্য যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) লক্ষ্য করেই তা স্পষ্ট।
মমতা বলেন, “রেশন, আধার, প্যান কার্ড থাকা সত্ত্বেও বাংলার মানুষদের বাংলাদেশি বলে অপমান করা হচ্ছে। পুশব্যাক করা হচ্ছে। এটা মানবাধিকার লঙ্ঘন। ভুলে যাবেন না, এই বাংলা স্বাধীনতার ইতিহাস লিখেছে। নেতাজি, শহিদ, স্বরাজদীপ— সবাই বাঙালি। তাঁদের অবদান কীভাবে ভুলে যান?” — প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুনঃ অপারেশন সিঁদুর থামানোর পিছনে চাপ? সংসদে মোদি-শাহকে তুলোধোনা কল্যাণের, পালটা জবাব রাজনাথের
মিছিল থেকে তিনি বার্তা দেন, “ভাষা কেড়ে নিতে দেব না। জীবন দিয়ে দেব, তবু বাঙালিকে ছোট হতে দেব না। বাংলা সব ভাষা ও সংস্কৃতির মানুষকে সম্মান করে।” তিনি জানান, এই হেনস্থার বিরুদ্ধে তৃণমূল রাজ্যজুড়ে কর্মসূচি নিচ্ছে।
বক্তব্যের শেষে এক আবেগঘন আহ্বান জানিয়ে মমতা বলেন, “যাঁরা আপনাদের ভালোবাসেন না, তাঁদের কাছে থাকবেন না। বাংলায় কাজ আছে। ফিরে আসুন নিজের রাজ্যে। আমি অর্ধেক রুটি খেলে, আপনিও ভাগ পাবেন। বাংলা আপনাদের ঘর। বাংলার মাটি আপনাদের রক্ষা করবে।”
এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন করে বিতর্ক। তবে মুখ্যমন্ত্রীর এই মানবিক আবেদন নিঃসন্দেহে অনেক বাঙালির হৃদয়ে নাড়া দিয়েছে।