মালদা
২ সেন্টিমিটার মাপের মুখ্যমন্ত্রীর প্রতিকৃতি তৈরী করে তাক লাগিয়ে দিলো মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সম্পাদক সৌরভ মালাকার
নিজস্ব সংবাদদাতা , মানিকচক, ০৪ জানুয়ারী : রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের ঠিক আগের দিন ২ সেন্টিমিটারের গ্রাফাইট শিষের উপর মুখ্যমন্ত্রীর প্রতিকৃতি তৈরী করে তাক লাগিয়ে দিলো যুব শিল্পী তথা মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সম্পাদক সৌরভ মালাকার। যেটি তৈরি করতে তার সময় লেগেছে মাত্র ২ ঘন্টা। এর আগে পেনসিলের ডগায় বানিয়েছিলেন ২ সেন্টিমিটার মাপের কালী এবং দুর্গা প্রতিমা। এবার চ্যালেঞ্জটা ছিলো নিজের সঙ্গেই। অপরিসীম ধৈর্য আর আর সৃজনশীল মন নিয়ে ২ সেন্টিমিটার মাপের রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতিকৃতি বানিয়ে ফেলেছে সে।
মানিকচক কলেজের দ্বিতীয় বর্ষের স্নাতকস্তরের ছাত্র সৌরভ। কলেজে ভর্তির পর থেকেই মুখ্যমন্ত্রীর আদর্শে অনুপ্রাণিত হয়ে সক্রিয়ভাবে সে যুক্ত হয় তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে। মালদা শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দুরে মানিকচক থানার অন্তর্গত মথুরাপুরে মালাকার পরিবারে জন্ম সৌরভের। শিল্পী পরিবারে থাকায় ছোট থেকেই বাবা ঠাকুরদাদের কাছে থেকে অঙ্কন , মৃৎশিল্প এবং ক্ষুদ্র শিল্পে মনোযোগ ছিলো তার। অল্প বয়স থেকেই তার হাতে প্রস্তুত নানান রকম হস্তশিল্পের কারুকার্য মন কেড়েছে জেলাবাসীর। কখনো মহাপুরুষদের আবার কখনো বিভিন্ন দেবদেবীর প্রতিকৃতি, ছবি অঙ্কন করেছে সৌরভ। উল্লেখ্য এর আগে পেনসিলের ডগায় ২ সেন্টিমিটার কালী ও দুর্গাপ্রতিমা তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সে। আর এবারে প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবসের ঠিক একদিন পূর্বে ২ সেন্টিমিটারের গ্রাফাইট শিষে প্রতিকৃতি তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে সৌরভ। ২ সেন্টিমিটার হওয়ায় এই প্রতিকৃতিটি খালি চোখে দেখা সম্ভব নয়, তাই আতস কাঁচের সাহায্য নিতে হয়। সৌরভের ইচ্ছে এই প্রতিকৃতিটি স্বয়ং মুখ্যমন্ত্রীর হাতে জন্মদিনের উপহার হিসেবে তুলে দেওয়ার।
এমনকি তার ইচ্ছার বিষয়টি তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি প্রসূন রায়কেও জানিয়েছে সৌরভ। এই বিষয়ে সৌরভের বাবা জয়ন্ত মালাকার জানান, ছেলে পেন্সিলের শিষে মমতা ব্যানার্জির প্রতিকৃতি তৈরি করেছে। মাত্র দুই সেন্টিমিটারের একদম সূক্ষ্ম কারুকার্য। আমাদের পরিবারে সবাই শিল্প কাজের সঙ্গে যুক্ত তাই সৌরভ খুব ছোট থেকেই এই কাজগুলো দেখে দেখে শিখেছে তবে আমাদের থেকেও উন্নত মানের কাজ করে চলেছে। ছেলের এই কাজ দেখে খুবই ভালো লাগছে এবং আমি চাইবো এই কাজের মধ্য দিয়ে সে আরো এগিয়ে যাক। অন্যদিকে সৌরভ জানান, মমতা ব্যানার্জির জন্মদিবস উপলক্ষে গ্রাফাইট শিষের উপর একটি প্রতিকৃতি তৈরি করেছি, যার উচ্চতা মাত্র ২ সেন্টিমিটার।
এটি তৈরি করতে সময় লেগেছে আমার মাত্র ২ ঘন্টা। আমি পড়াশোনার পাশাপাশি এই ধরনের কাজগুলো করি। ছোট থেকে ঠাকুরদার কাছে আমাদের পরিবারের সকলেই শিল্পকর্মের সঙ্গে যুক্ত। আমার ইচ্ছা মুখ্যমন্ত্রীর হাতে এই উপহারটি তুলে দেব তবে এই বিষয়ে আমি জেলা সভাপতিকেও জানিয়েছি। এই প্রসঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি প্রসূন রায় ফোনে জানান, সৌরভের প্রতিভা দেখে তাকে জেলা কমিটির সম্পাদক করা হয়েছে। পাশাপাশি তিনি ভালো রাজনীতি করেন। মুখ্যমন্ত্রীর প্রতিকৃতি তৈরি করায় আমরা সকলে গর্বিত। আগামীতে মালদায় প্রশাসনিক বা রাজনৈতিক বৈঠকে মুখ্যমন্ত্রী যোগ দিলে আমরা নিশ্চয়ই চেষ্টা করব সৌরভের হাতে তৈরি প্রতিকৃতিটি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়ার জন্য। সে যাতে আরো ভালো কাজ করে, তার জন্য দলের পক্ষ থেকে সৌরভের প্রতি আন্তরিক শুভেচ্ছা রইল।
