ভাইরাল খবর
রাজ্যে অশান্তি ছড়ানোর চেষ্টা! বিজেপি সভাপতি সুকান্তর বিরুদ্ধে তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ
ডিজিটাল ডেস্কঃ রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও বাড়ল দক্ষিণ দিনাজপুরে। বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের বিরুদ্ধে ভুয়ো ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে রাজ্যে অশান্তি ছড়ানোর চেষ্টার অভিযোগ তুলে থানায় অভিযোগ দায়ের করল তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি)। সোমবার বালুরঘাট থানায় লিখিত অভিযোগ জানানো হয় টিএমসিপি-র পক্ষ থেকে।
তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ, সুকান্ত মজুমদার উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুয়ো এবং উসকানিমূলক ছবি পোস্ট করে রাজ্যে শান্তি ও শৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করছেন। শুধু বালুরঘাট থানা নয়, দক্ষিণ দিনাজপুর জেলার সমস্ত থানায় এবং জেলার সাইবার ক্রাইম থানাতেও অভিযোগ জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুনঃ ‘সাধারণ মানুষের স্বার্থেই ওয়াকফ আইন’, ‘হিংসা’র কারণ নিয়ে মুখ খুললেন মোদী
দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অমরনাথ ঘোষ জানান, “তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের নির্দেশে আমরা জেলায় এই অভিযোগ দায়ের করেছি। বারবার দেখা যাচ্ছে, বিজেপি নেতৃত্ব গুজব এবং বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে। আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।”
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে কি না, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি মেলেনি। তবে জেলা রাজনীতিতে এই ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তেজনা তৈরি হয়েছে। এ বিষয়ে বিজেপির পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সূত্রের খবর, খুব শীঘ্রই দলীয়ভাবে এই অভিযোগের জবাব দেওয়া হতে পারে।
