সোশ্যাল মিডিয়া
ফাঁসের গুজবে জড়ালে আইনি ব্যবস্থা! ১৫০০-এর বেশি ভুয়ো রিপোর্ট তদন্তে এনটিএ
ডিজিটাল ডেস্কঃ দেশজুড়ে লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (National Testing Agency – NTA)। আগামী ৪ মে (শনিবার) আয়োজিত হতে চলা নিট ইউজি ২০২৫ (NEET UG 2025) পরীক্ষার আগে ভুয়ো প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত গুজব রটানোর অভিযোগে দেশের ১২২টি সোশ্যাল মিডিয়া চ্যানেলকে নিষিদ্ধ ঘোষণা করল এনটিএ।
গুজব রটানোর অভিযোগে বড়সড় ব্যবস্থা
এনটিএ সূত্রে জানানো হয়েছে, ভুয়ো প্রশ্নপত্র ফাঁসের খবর ছড়িয়ে পড়ছে মূলত টেলিগ্রাম (Telegram) ও ইনস্টাগ্রাম (Instagram)-এর বিভিন্ন চ্যানেল ও গ্রুপ মারফত। সংস্থাটি জানিয়েছে, এখন পর্যন্ত ১৫০০টিরও বেশি সন্দেহজনক পোস্ট ও মেসেজ রিপোর্ট করা হয়েছে। এর অধিকাংশই ছিল টেলিগ্রামে।
১০৬টি টেলিগ্রাম এবং ১৬টি ইনস্টাগ্রাম চ্যানেল নিষিদ্ধ
গোটা ঘটনায় সবচেয়ে বেশি জড়িত টেলিগ্রাম। তাই প্রাথমিকভাবে এনটিএ ১০৬টি টেলিগ্রাম চ্যানেল ও ১৬টি ইনস্টাগ্রাম চ্যানেল নিষিদ্ধ করেছে। একইসঙ্গে ওই চ্যানেলগুলির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি পাঠানো হয়েছে ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারে (I4C), যা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে কাজ করে।
প্রতারকদের বিরুদ্ধে রিপোর্ট করার বিশেষ পোর্টাল
পরীক্ষার্থীদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে এনটিএ জানিয়েছে, কেউ যেন এই ভুয়ো চ্যানেল বা গ্রুপগুলির ফাঁদে পা না দেন। ভুয়ো দাবি ও গুজব সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য এনটিএ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে (https://nta.ac.in) একটি বিশেষ পোর্টাল চালু করেছে, যা ৪ মে ২০২৫ বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে।
রিপোর্ট করার তিনটি প্রধান ক্ষেত্র
পরীক্ষার্থীরা নিচের তিন ধরনের গুজব বা প্রতারণামূলক কর্মকাণ্ড রিপোর্ট করতে পারবেন:
-
যারা ভুয়ো প্রশ্নপত্র ফাঁসের দাবি করে।
-
যারা নিজেকে এনটিএ বা অন্যান্য সংস্থার প্রতিনিধির পরিচয় দেয়।
-
যারা পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের দাবি করে।
২০২৪ সালের বিতর্কের পুনরাবৃত্তি ঠেকাতে তৎপর এনটিএ
গত বছর নিট পরীক্ষার সময় একাধিক রাজ্যে প্রশ্নপত্র ফাঁস ও অসাধু কাজকর্ম নিয়ে বিতর্ক ছড়িয়েছিল। সেই অভিজ্ঞতার ভিত্তিতে এই বছর কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের নির্দেশে এনটিএ নিরাপত্তা ও স্বচ্ছতা বজায় রাখতে একাধিক কড়াকড়ি নিয়েছে।
এনটিএ-র কড়া পদক্ষেপে এবার প্রশ্নপত্র ফাঁসের মিথ্যে দাবিকারীরা যেমন কোণঠাসা, তেমনি পরীক্ষার্থীদের কাছে বার্তা স্পষ্ট—গুজবে কান দেবেন না, শুধুই প্রস্তুতিতে মন দিন।
