রাজ্যের খবর
মাস্টার্স গেমসে ত্রিমুখী সাফল্য, বাগডোগরার সোমা দত্তর অনন্য কীর্তি
ডিজিটাল ডেস্কঃ বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আরও একবার প্রমাণ করলেন দার্জিলিং জেলার বাগডোগরার প্রবীণ অ্যাথলেট সোমা দত্ত (Soma Dutta)। সদ্যসমাপ্ত ন্যাশনাল মাস্টার্স গেমস ২০২৫ (National Masters Games 2025)-এ তিনি স্বর্ণ ও রৌপ্য পদক জিতে ফিরে আসেন—যা কেবল তাঁর ব্যক্তিগত কৃতিত্ব নয়, বরং গোটা বাংলার জন্য এক অনন্য গর্ব।
হিমাচল প্রদেশের ধর্মশালায় সুপার মাস্টার্স গেমস অ্যান্ড স্পোর্টস ফেডারেশন (Super Masters Games and Sports Federation)-এর উদ্যোগে আয়োজিত এই জাতীয় প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৩,০০০ জন অ্যাথলেট অংশ নেন। এই প্রতিযোগিতাতেই ৬৭ বছর বয়সি সোমা হাই জাম্পে স্বর্ণপদক, লং জাম্প এবং ১০০ মিটার দৌড়ে রৌপ্যপদক অর্জন করেন।
আরও পড়ুনঃ ফাঁসের গুজবে জড়ালে আইনি ব্যবস্থা! ১৫০০-এর বেশি ভুয়ো রিপোর্ট তদন্তে এনটিএ
সোমা দত্ত দীর্ঘ ১৭ বছর ধরে অ্যাথলেটিকসের সঙ্গে যুক্ত। কেবল জাতীয় স্তরেই নয়, তিনি বহু আন্তর্জাতিক আসরেও দেশের প্রতিনিধিত্ব করেছেন। এশিয়ান মাস্টার্স গেমস-এ তিন বার ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন সোমা, যেখানে চিন (China), মালয়েশিয়া (Malaysia) এবং দক্ষিণ কোরিয়া (South Korea)-তে অনুষ্ঠিত খেলায় তিনি সোনা ও রূপো জয় করেন। এছাড়াও, তিনি ইউরোপ ও লাতিন আমেরিকায় আয়োজিত ওয়ার্ল্ড মাস্টার্স মিট (World Masters Meet)-এও অংশগ্রহণ করেছেন এবং প্রশংসনীয় সাফল্য অর্জন করেছেন।
সোমা দত্তর এই অসামান্য সাফল্য শুধুমাত্র অ্যাথলেটিকসের দুনিয়াকেই অনুপ্রাণিত করে না, বরং প্রমাণ করে যে নিষ্ঠা, অধ্যবসায় ও জেদ থাকলে বয়স কোনও বাধা হয়ে দাঁড়ায় না।
