ভাইরাল খবর
খাবার-জলের অতিরিক্ত দাম নিয়ে প্রতিবাদ, ট্রেনে যাত্রীকে মার আইআরসিটিসি কর্মীদের
ডিজিটাল ডেস্ক: গীতাঞ্জলি এক্সপ্রেসে খাবার এবং পানীয়ের অতিরিক্ত মূল্য চাওয়ার অভিযোগ তুলতেই এক যাত্রীকে মারধরের শিকার হতে হল। মারধরের অভিযোগ উঠেছে আইআরসিটিসি-র কর্মীদের বিরুদ্ধে। আক্রান্ত যাত্রী সত্যজিৎ বর্মণ মহারাষ্ট্রের অম্বরনাথের বাসিন্দা। ঘটনার পর তিনি কল্যাণ রেলওয়ে পুলিশে অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তদের মধ্যে সাত জনের বিরুদ্ধে এফআইআর হয়েছে বলে রেল সূত্রে খবর।
ঘটনা ঘটেছে কলকাতা থেকে মুম্বইগামী গীতাঞ্জলি এক্সপ্রেসে, ট্রেনটি নাগপুরের দিকে এগোচ্ছিল সেই সময়। সত্যজিৎ অভিযোগ করেন, তিনি জলের বোতল ও খাবার অর্ডার করেছিলেন। সেই খাবার পৌঁছে দেন আইআরসিটিসি-র এক কর্মী। কিন্তু পেমেন্টের সময় দেখা যায়, পণ্যের উপর নির্ধারিত মূল্যের চেয়েও বেশি টাকা দাবি করা হচ্ছে। বিষয়টি নিয়ে তিনি সরাসরি প্রশ্ন তোলেন।
আরও পড়ুন- মুর্শিদাবাদ কান্ড নিয়ে মমতা ও রাজীবকে তীব্র আক্রমণ দিলীপের
প্রথমে বচসা শুরু হয় সত্যজিৎ এবং এক কর্মীর মধ্যে। অভিযোগ, কিছুক্ষণের মধ্যেই আরও কয়েকজন আইআরসিটিসি কর্মী এসে তাঁকে ঘিরে ধরেন এবং মারধর শুরু করেন। ওই মুহূর্তের দৃশ্য ক্যামেরাবন্দি করেন অন্য যাত্রীরা, যা পরে ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। সেই ভিডিয়োর ভিত্তিতেই রেল কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের শনাক্ত করার কাজ চলছে।
রেল সূত্রের খবর, সত্যজিতের অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। যদিও আইআরসিটিসি-র তরফে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। উল্লেখযোগ্য, রেলে খাবারের মান এবং অতিরিক্ত মূল্য নেওয়া নিয়ে আগে বহুবার অভিযোগ উঠেছে, তবে যাত্রীকে শারীরিক ভাবে হেনস্তা করার ঘটনা সাম্প্রতিক সময়ে বিরল।
