ভাইরাল খবর
মমতার আশীর্বাদেই সীমান্ত পেরোচ্ছে অনুপ্রবেশকারীরা: অমিত শাহ
ডিজিটাল ডেস্ক: সীমান্তরক্ষায় ব্যর্থতার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। রবিবার কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে বিজেপির বিজয় সংকল্প সভা থেকে তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘আশীর্বাদে’ বাংলাদেশ থেকে অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। রাজ্য সরকার জমি দিলে কেন্দ্র এমন কড়া নিরাপত্তা দেবে, যেখানে একটি ছুঁচোও ঢুকতে পারবে না— এমনই হুঁশিয়ারি শাহের।
সভা মঞ্চে শাহ বলেন, “বাংলার নির্বাচন শুধু এই রাজ্যের ভবিষ্যৎ নয়, দেশের নিরাপত্তার সঙ্গেও ওতপ্রোত ভাবে জড়িয়ে। আজ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতের সীমান্ত খুলে রেখেছেন। তাঁর প্রশ্রয়ে অনুপ্রবেশ চলছে। অনুপ্রবেশ রুখতে পারবেন কি দিদি? পারবে আপনার ভাইপো (Abhishek Banerjee)? শুধু বিজেপির পদ্মফুল মার্কার সরকারই এ অনুপ্রবেশ রুখে দিতে পারে।”
আরও পড়ুনঃ জেলবন্দি জঙ্গির ‘বাবা’ হওয়ার খবরে ফাঁস পাকিস্তানের মুখোশ
এখানেই না থেমে মুখ্যমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে শাহ বলেন, “আপনাদের সাংসদ আমাকে সংসদে প্রশ্ন করেন— বিএসএফ কী করছে? আমি বলি, জমি দিয়ে দিন, বর্ষা শেষে আমরা এমন নিরাপত্তা বলয় গড়ব, যেখানে একটা ছুঁচোও ঢুকতে পারবে না। কিন্তু আপনারা জমি দিচ্ছেন না। কারণ যত অনুপ্রবেশ হবে, ততই আপনার ভোটব্যাঙ্ক বাড়বে, আর তার জেরে আপনার ভাইপো মুখ্যমন্ত্রী হবেন— এই রাজনৈতিক অঙ্কেই আপনি চলছেন। তবে এটা আর হতে দেওয়া যাবে না।”
পশ্চিমবঙ্গের সীমান্তে অনুপ্রবেশ নিয়ে কেন্দ্র-রাজ্য টানাপড়েন নতুন নয়। কেন্দ্র বহুবার অভিযোগ করেছে যে, তৃণমূলের ‘পরোক্ষ মদতে’ বাংলাদেশি অনুপ্রবেশ বাড়ছে। পাল্টা রাজ্যের বক্তব্য, সীমান্ত রক্ষা বিএসএফের দায়িত্ব, যা কেন্দ্রের অধীনে। ফলে অনুপ্রবেশের দায় তাদের কাঁধেই বর্তায়।
রাজনৈতিক মহল মনে করছে, লোকসভা নির্বাচনের আগে ফের সীমান্ত সুরক্ষা এবং জাতীয় নিরাপত্তার ইস্যু তুলে বাংলার ভোটারদের মনে সুরক্ষা সংক্রান্ত উদ্বেগ জাগিয়ে তুলতেই এ ধরনের বার্তা দিলেন অমিত শাহ। এখন দেখার, এই ইস্যু রাজ্য রাজনীতিতে কতটা প্রভাব ফেলে।
