মালদা
সারনা ধরম কোডকে মান্যতা দেওয়ার দাবীতে বিক্ষোভ আদিবাসীদের। কুশপুত্তলিকা দাহ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর
নিজস্ব সংবাদদাতা , গাজোল , ১৮ মার্চ : ঝাড়খণ্ড আদিবাসী দিশম পার্টি ও সেঙ্গেল অভিযানের গাজোলের ব্লক কমিটির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন হল গাজোলে।
বৃহস্পতিবার সংগঠনের একটি মিছিল গাজোলের বামনগোলা মোড়ে ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানোর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সহ বেশ কয়েকজনের কুশপুত্তলিকা দাহ করে সংগঠন নেতৃত্ব। উল্লেখ্য সারনা ধরম কোডকে মান্যতা দেওয়ার দাবীতে বিক্ষোভ দেখায় আদিবাসী সংগঠন। সংগঠনের রাজ্য সভাপতি মোহন হাঁসদা, বিনয় বেসরা, বর্ষা বেসরা, শ্যামল টুডু সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন এদিন। ২০২১ এর জনগণনা বর্ষে দাবী পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দিয়েছে সংগঠন নেতৃত্ব।
