দেশ
গত চব্বিশ ঘণ্টায় দেশে রেকর্ড সংখ্যক মানুষ আক্রান্ত হল করোনা ভাইরাসে
নিউজ ডেস্ক, ১২ এপ্রিল : রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দ্বিতীয় ঢেউয়ে কার্যত দিশেহারা দশা ভারতের। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৬৮ হাজার ৯১২ জন।
এক দিনে আক্রান্তের নিরিখে যা এখনও অবধি সর্বোচ্চ। এই বৃদ্ধির জেরে করোনায় আক্রান্তের মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ কোটি ৩৫ লক্ষ ২৭ হাজার ৭১৭। এর মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা ১২ লক্ষ পেরিয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের করোনার ছোবলে মৃত্যু হয়েছে ৯০৪ জনের। সুস্থতার হার তুলনায় অনেক কম। একদিনে করোনার কবল থেকে মুক্ত হয়েছেন ৭৫ হাজার ৮৬ জন। আমেরিকার পর ভারত এখন দ্বিতীয় দেশ যেখানে দৈনিক আক্রান্তের সংখ্যা ১ লক্ষ পেরিয়েছে। বর্তমানে আমেরিকার থেকে ভারতে অনেক বেশি দ্রুত গতিতে ছড়াচ্ছে করোনা ভাইরাস৷ পরিস্থিতি ক্রমশই ভয়াবহ আকার ধারণ করেছে৷আক্রান্তের নিরিখে দেশের মধ্যে সবচেয়ে শোচনীয় অবস্থা মহারাষ্ট্রে। গতবছরও সংক্রমণের শীর্ষে থাকা এই রাজ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬৩ হাজার ২৯৪ জন এবং মৃত্যু হয়েছে ৩৪৯ জনের। চলতি সপ্তাহেই ক্যাবিনেট বৈঠকের পর রাজ্যজুড়ে লকডাউন জারি হতে পারে বলে আশঙ্কা।অন্যদিকে, রাজধানী দিল্লিতেও দৈনিক আক্রান্ত ১০ হাজারের গণ্ডি পার করেছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ১০ হাজার ৭৭৪ জন আক্রান্ত হয়েছেন এবং ৪৮ জনের মৃত্যু হয়েছে। গুজরাটেওএকদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৫৪৬৯ জন। বাকি দক্ষিণের বিভিন্ন রাজ্য, অর্থাৎ কেরল, তামিলনাড়ু, কর্নাটক ও অন্ধ্র প্রদেশেও হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ।
অন্যদিকে পরিস্থিতি সামাল দিতে দেশজুড়ে শুরু হয়েছে টিকা উৎসব। ৪৫ বছরের বেশি বয়সি সকলে টিকা পাচ্ছেন। গত ২৪ ঘণ্টায় দেশে টিকা নিয়েছেন ২৯ লক্ষ ৩৩ হাজার ৪১৮ জন। এ নিয়ে ভারতে মোট ১০ কোটি ৪৫ লক্ষ ২৮ হাজার ৫৬৫ কোভিড টিকার ডোজ দেওয়া হয়েছে। টিকাকরণের নিরিখে বিশ্বের অন্যতম শীর্ষ দেশ ভারত।
