ভাইরাল খবর
গোমাংস বিতর্কে পাল্টা অভিযোগ, পার্ক স্ট্রিট থানায় আইনি জটে সায়ক
ডিজিটাল ডেস্কঃ গোমাংস বিতর্ক (Beef Controversy) ঘিরে এবার আইনি জটে জড়ালেন টলিপাড়ার পরিচিত মুখ ও সেলেব ইনফ্লুয়েন্সার (Celebrity Influencer) সায়ক চক্রবর্তী (Sayak Chakraborty)। শনিবার রাতে পার্ক স্ট্রিট থানায় (Park Street Police Station) তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন জয়রাজ ভট্টাচার্য নামে এক ব্যক্তি। অভিযোগ দায়েরের বিষয়টি রাতেই সোশাল মিডিয়ায় (Social Media) নিজেই জানান অভিযোগকারী।
ঘটনার সূত্রপাত শুক্রবার রাতে। বন্ধুদের সঙ্গে পার্ক স্ট্রিটের একটি রেস্তরাঁয় (Restaurant) নৈশভোজে গিয়ে অনভিপ্রেত অভিজ্ঞতার সম্মুখীন হন সায়ক। তাঁর অভিযোগ, পাঁঠার মাংস (Goat Meat) অর্ডার করা হলেও পরিবেশন করা হয় গরুর মাংসের স্টেক (Beef Steak)। এই ঘটনাকে কেন্দ্র করে সায়ক নিজেই পার্ক স্ট্রিট থানায় এফআইআর (FIR) দায়ের করেন। অভিযোগ সামনে আসতেই বিষয়টি ঘিরে তোলপাড় শুরু হয় সোশাল মিডিয়ায়।
যদিও অনেকেই ঘটনাটিকে অনভিপ্রেত ভুল বলে মেনে নিলেও, সায়কের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন টলিপাড়ার একাধিক শিল্পী (Tollywood Artists)। তাঁদের অভিযোগ, পরিকল্পনামাফিক ধর্মীয় উসকানি (Religious Provocation) দেওয়ার চেষ্টা করা হয়েছে। পাশাপাশি অভিনেতার হঠকারিতার জেরে রেস্তরাঁ কর্মীর হেনস্তা (Harassment) নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। প্রশ্ন উঠেছে, যদি রেস্তরাঁ কর্মীর বিরুদ্ধে মামলা হয়, তবে সায়কের বিরুদ্ধে কেন নয়?
এই আবহেই শনিবার রাতে জয়রাজ ভট্টাচার্য পার্ক স্ট্রিট থানায় সায়কের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। সোশাল মিডিয়ায় তিনি লেখেন, “ফেসবুকে নয়, থানায় গিয়েই অভিযোগ জানালাম জনৈক ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে।” জানা গিয়েছে, লিখিত অভিযোগে পরিকল্পনামাফিক দাঙ্গায় উসকানির (Incitement to Riot) চেষ্টার অভিযোগ তোলা হয়েছে।
উল্লেখযোগ্যভাবে, সায়কের অভিযোগের ভিত্তিতে শনিবার সকালেই গ্রেপ্তার (Arrest) হন রেস্তরাঁ কর্মী শেখ নাসিরউদ্দিন। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (Bharatiya Nyaya Sanhita) ২৯৯ ধারায় মামলা রুজু করা হয়, যেখানে কোনও ধর্ম বা ধর্মীয় বিশ্বাসকে অপমান করে ইচ্ছাকৃতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ আনা হয়েছে। আদালতে পেশ করা হলে ধৃত কর্মীর জামিন (Bail) মেলেনি।
এদিকে, ঘটনার দিন সায়কের সঙ্গে উপস্থিত দুই বন্ধুর মধ্যে একজন সোশাল মিডিয়ায় নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি জানিয়েছেন, খাবার বদল নিয়ে প্রশ্ন তোলা হলেও কোনও ধর্মীয় উসকানি দেওয়া হয়নি এবং গোটা ঘটনার সঙ্গে তাঁর কোনও যোগ নেই।
