রায়গঞ্জে জেলা শাসকের দফতর থেকে ঢিল ছোঁড়া দূরত্বে পরপর ৪ টি দোকানে চুরি
Connect with us

রায়গঞ্জ

রায়গঞ্জে জেলা শাসকের দফতর থেকে ঢিল ছোঁড়া দূরত্বে পরপর ৪ টি দোকানে চুরি

Dipa Chakraborty

Published

on

রায়গঞ্জ, ২২ মে : রায়গঞ্জের জেলা প্রশাসনিক ভবন ও কর্ণজোড়া পুলিশ ফাঁড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে পরপর ৪ টি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল শুক্রবার গভীর রাতে। এলাকার চারটি দোকানে চুরির ঘটনায় সর্বস্ব লুঠ করে পালিয়েছে চোরের দল।

শনিবার সকালে দোকানে খুলতে এলে তালা ভাঙা অবস্থা দেখে চুরির বিষয়টি বুঝতে পারেন বিক্রেতারা। মাস্ক, স্যানিটাইজার, জলের বোতল, নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা৷ জানা গেছে চারটি দোকান থেকে প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী চুরি গিয়েছে। এই কর্ণজোড়া চত্বরে রয়েছে জেলা শাসকের দফতর, জেলা পুলিশ সুপারের দফতর, জেলা পুলিশ লাইন, জেলা পরিষদ ভবন, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতর ছাড়াও জেলার সমস্ত সরকারি দফতর। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রীপণ ঘোষ বলেন, রায়গঞ্জের এই এলাকা জেলার হেড কোয়ার্টার। এখানে খোদ জেলা শাসক ও পুলিশ সুপারের দফতর রয়েছে। পুলিশ ফাঁড়ি রয়েছে। স্বাভাবিকভাবেই নিরাপত্তার ঘেরাটোপে থাকা এলাকায় কী করে চুরির ঘটনা ঘটে৷ এর আগেও এই কর্ণজোড়া এলাকায় চুরির ঘটনা ঘটেছে৷ দুষ্কৃতীদের দৌরাত্ম্য কী করে চলে দিনের পর দিন? এই লকডাউনে পেট চালানোই দায়৷ সকালে মাত্র সাত থেকে দশটা পর্যন্ত দোকান খোলা রাখতে দেওয়া হচ্ছে। সেখানে দোকানের সর্বস্ব চুরি হওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়লাম। পরিবার পরিজন নিয়ে আমরা খাব কী?’ এদিকে দুষ্কৃতীদের খোঁজের পাশাপাশি রাতে এলাকায় পুলিশি টহলদারি বাড়ানো হবে বলে জানিয়েছে পুলিশ।