কলকাতা
রাজ্যে জাল ওষুধ সরবরাহে বেআইনি চক্র, অভিযানে তৎপর নবান্ন
ডিজিটাল ডেস্কঃ খোলা বাজারে জাল ওষুধের দাপটে দুশ্চিন্তাগ্রস্ত রাজ্য সরকার। সাধারণ মানুষের স্বাস্থ্যসুরক্ষায় কোনওরকম ছাড় না দেওয়ার বার্তা দিয়ে শনিবার নবান্নে উচ্চপর্যায়ের বৈঠকে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন জেলার প্রশাসনিক কর্তাদের।
স্বাস্থ্য দফতর ও জেলাশাসকদের উদ্দেশ্যে মুখ্যসচিব বলেন, “নিয়ম মেনেই ড্রাগ কন্ট্রোল কর্তৃপক্ষ জাল ওষুধ চিহ্নিত করলেও, তা এখনও বাজারে বিক্রি হচ্ছে। ভিন রাজ্য থেকে এই ওষুধ বেআইনি পথে রাজ্যে ঢুকছে। অবিলম্বে তা বন্ধ করতে হবে।” তিনি স্পষ্ট জানিয়েছেন, এই বেআইনি কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে কঠোরআইন অনুসারী ব্যবস্থা নিতে হবে।
প্রসঙ্গত, সম্প্রতি উল্টোডাঙার মুচিবাজার এলাকায় রাজ্য ড্রাগ কন্ট্রোল দফতরের তল্লাশিতে জাল ওষুধ মজুতের প্রমাণ মিলেছে। দুই হোলসেল সংস্থার গোডাউন সিল করে দেওয়া হয়েছে। তার পর থেকেই রাজ্যের সর্বত্র ওষুধ সরবরাহ ও বিক্রির উপর নজরদারি আরও জোরদার করতে উদ্যোগী প্রশাসন।
আরও পড়ুনঃ ধুলিয়ানে বাবা-ছেলে খুনে নতুন মোড়, মূল অভিযুক্ত জিয়াউল শেখ গ্রেফতার
এদিনের বৈঠকে স্বাস্থ্য, বিদ্যুৎ, সেচ, কৃষি, শিল্প, ভূমি, জনস্বাস্থ্য ও কারিগরি, স্বরাষ্ট্র, বিপর্যয় মোকাবিলা, নগরোন্নয়ন, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের সচিবরা ছাড়াও সব জেলার জেলাশাসক এবং অতিরিক্ত জেলাশাসকরা উপস্থিত ছিলেন। মুখ্যসচিব বৈঠকে ডেঙ্গি মোকাবিলা এবং প্রসূতি মায়েদের মৃত্যুর হার কমানো নিয়েও বিশেষ নজর দেওয়ার নির্দেশ দেন। কোভিডকালে তৈরি হওয়া ২০ শয্যার হাসপাতালগুলি যাতে ব্যবহারযোগ্য অবস্থায় থাকে, সেদিকেও নজর রাখতে বলেছেন তিনি।
এছাড়াও, আইসিডিএস (সুসংহত শিশু বিকাশ প্রকল্প)-এর রান্নার ব্যবস্থাপনায় পরিবর্তন আনার বার্তা দিয়ে তিনি বলেন, “খোলা আকাশের নিচে রান্না চলবে না। প্রত্যেক কেন্দ্রে শেড নির্মাণের ব্যবস্থা করতে হবে।” নবান্ন সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। প্রশাসনকে জাল ওষুধ বন্ধ করতে কড়া পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি। রাজ্য সরকারের এই তৎপরতা প্রশাসনের আন্তরিকতা ও জনসুরক্ষায় অগ্রাধিকারের প্রতিফলন, বলেই মত সংশ্লিষ্ট মহলের।
