মালদা
পেট্রল পাম্প মালিকের বিরুদ্ধে অনৈতিকভাবে জমি দখলের অভিযোগ নিয়ে প্রশাসনের দ্বারস্থ স্বামীহীনা অসহায় মহিলা
নিজস্ব সংবাদদাতা , চাঁচল , ০৯ জানুয়ারী : পেট্রোল পাম্প মালিকের বিরুদ্ধে সম্পত্তি আত্মসাতের অভিযোগ এনে বৃহস্পতিবার চাঁচল মহকুমা পুলিশ আধিকারিকের দ্বারস্থ হলেন হরিশ্চন্দ্রপুরের এক মহিলা।
উল্লেখ্য গত রবিবার উত্তর হরিশচন্দ্রপুর এলাকার ওই জমি নিয়ে প্রেমলতা মন্ডল নামে ওই মহিলার সাথে বিবাদে জড়িয়ে পড়েন স্থানীয় পাম্প মালিক জগদীশ প্রসাদ ভগত এবং তার ছেলে রাজীব ভগত। ওই মহিলার নামে থাকা সম্পত্তির মধ্যে এক শতক জায়গা অবৈধভাবে নিজেদের নামে রেকর্ড করিয়ে নেন পাম্পমালিক পিতা ও পুত্র।সেখানে নির্মাণকাজ শুরু করলে পুলিশে অভিযোগ করেন প্রেমলতা দেবী। যদিও পুলিশের নির্দেশ সত্ত্বেও নির্মান কাজ বন্ধ না করায় রবিবার বিবাদ বাঁধে উভয়পক্ষের মধ্যে। এরপরেই এই ঘটনায় পাম্প মালিকের বিরুদ্ধে ফের থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা। প্রেমলতা দেবীর অভিযোগ করেছেন, হরিশ্চন্দ্রপুর থানা অন্তর্গত উত্তর হরিশচন্দ্রপুর মৌজার ২৬০৬ এর ৩২৩৭ ও ৩৯৭৫ দাগের জমি নিয়ে বিবাদ।সেখানে অনৈতিকভাবে জায়গা দখল করে নির্মাণকাজ করছেন রাজীব ভগত। এর প্রতিবাদ করলেই তাদের হেনস্থা করা হয়। কয়েকবছর আগে তার স্বামী মারা গিয়েছেন। তিন মেয়েকে নিয়ে থাকেন। জমি দখলের প্রতিবাদ করার সময় তার সঙ্গে থাকা যুবকদের জমি মাফিয়া বলে অভিযোগ করা হয়েছে। এই ঘটনায় প্রশাসন প্রয়োজনীয় সহায়তা করেনি। এমনকী সংবাদ মাধ্যমের ভূমিকাকেও কাঠগড়ায় তুলেছেন অসহায় ওই মহিলা।অন্যদিকে পাম্প মালিকও ওই মহিলা সহ বেশ কয়েকজন স্থানীয় যুবকের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে হরিশ্চন্দ্রপুর থানায় পাল্টা অভিযোগ দায়ের করেন।অন্যদিকে বিষয়টি নিয়ে এদিন চাঁচল মহকুমা পুলিশ আধিকারিকের দ্বারস্থ হন প্রেমলতা দেবী ও তার তিন নাবালিকা মেয়ে। গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন চাঁচল মহকুমা পুলিশ আধিকারিক।
