মালদা
দাম্পত্য কলহের জেরে নিজের দুই কন্যাসন্তানকে হত্যার অভিযোগ উঠেছে খোদ মায়েরই বিরুদ্ধে, চাঞ্চল্য এলাকাজুড়ে
নিজস্ব সংবাদদাতা , চাঁচল , ১০ জানুয়ারী : স্বামী-স্ত্রীর বচসার জেরে দুই কন্যা সন্তানকে জলে ডুবিয়ে খুনের অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। রবিবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চাঁচল থানার মালতীপুর গ্রাম পঞ্চায়েতের অনুপনগর গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই দুই শিশুকন্যার নাম, মাধবী মন্ডল ও জয়শ্রী মন্ডল।
জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় খাওয়ার দেওয়া নিয়ে বচসা বাধে এলাকার বাসিন্দা চঞ্চল মন্ডল ও তার স্ত্রী মাম্পি মন্ডলের। এরপরেই রবিবার সকালে বাড়ি থেকে দূরে মাঠের মধ্যে একটি পুকুরে দুই শিশুকন্যার মৃতদেহ ভাসতে দেখে গ্রামবাসীরা। ঘটনায় মাম্পি মন্ডলকে আটকে রাখেন স্থানীয়রা। অন্যদিকে মৃত শিশুদের বাবা চঞ্চল মন্ডল জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই তার স্ত্রী স্নায়ুরোগে ভুগছিলেন। শনিবার খাওয়ার দেওয়া নিয়ে বচসাও হয় তাদের। এরপরেই রবিবার সকালে এই ঘটনা ঘটে।সেখানে গেলে জানতে পারেন, তার স্ত্রী নিজের দুই সন্তানকে পুকুরের জলে ডুবিয়ে মেরে ফেলেছে। কেন তার স্ত্রী এই কান্ড ঘটিয়েছে তা নিয়ে ধন্দে পড়ে গিয়েছে ওই যুবক। যদিও এই ঘটনায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। বাপি মন্ডল নামে এক প্রতিবেশী জানিয়েছেন, প্রায়শই স্বামী ও স্ত্রীর মধ্যে বিভিন্ন কারণে বচসা হত। শনিবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। এরপরেই রবিবার এই কান্ড ঘটে। তাদের মা এই কান্ড ঘটিয়েছে বলে দাবী করেন তিনি। ঘটনায় অভিযুক্ত মাম্পি মন্ডলের শাস্তির দাবীতে সরব হয়েছেন প্রতিবেশীরা।খবর পেয়ে চাচোল থানার পুলিশ এসে পুকুর থেকে মৃতদেহদুটি উদ্ধার করে প্রথমে মালতিপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে, পরে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।এই ঘটনায় অভিযুক্ত শিশু সন্তানের মা মাম্পি মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
