আত্মহত্যা
সম্পর্ক ভাঙনের যন্ত্রণায় ঘুমের ওষুধ খেয়ে খেয়ে আত্মহত্যার চেষ্টা হিরো আলমের
ডিজিটাল ডেস্কঃ আবারও শিরোনামে ওপার বাংলার ভাইরাল তারকা হিরো আলম (Hero Alom)। এবার আর নতুন মিউজিক ভিডিও কিংবা বিতর্ক নয়, জীবনের সবচেয়ে অন্ধকার মুহূর্তে পৌঁছে গিয়েছিলেন তিনি। বিচ্ছেদের যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যার চেষ্টা করেন এই ইনফ্লুয়েন্সার-অভিনেতা। আর শেষ মুহূর্তে প্রাণ বাঁচিয়ে দেন তাঁর বন্ধু নাট্যকার জাহিদ হাসান সাগর (Jahid Hasan Sagor)।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জ জেলার ভান্ডারবাড়ি গ্রামে জাহিদের বাড়িতে যান হিরো আলম। স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ এবং বিদেশি প্রেমিকাকে ঘিরে তৈরি হওয়া জটিলতা নিয়ে গভীর আলোচনা হয় দুই বন্ধুর মধ্যে। এরপর দু’জনেই ঘুমিয়ে পড়েন। কিন্তু শুক্রবার সকাল গড়িয়ে গেলেও হিরো আলমের কোনও সাড়া না মেলায় সন্দেহ হয় জাহিদের। বালিশের পাশে ঘুমের ওষুধ দেখে তিনি বুঝতে পারেন বিপদ ঘটে গিয়েছে। সঙ্গে সঙ্গে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসায় ধীরে ধীরে সাড়া দিতে শুরু করেন হিরো আলম।
আরও পড়ুনঃ শিক্ষাপ্রতিষ্ঠানের গেটেই বিশ্বাসঘাতকতা, গ্রেপ্তার ল কলেজের গার্ড
খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে ছুটে যান হিরো আলমের স্ত্রী রিয়ামণি (Riyamoni)। যদিও তাঁদের বিচ্ছেদের প্রক্রিয়া চলছিল, এই ঘটনার পরে স্ত্রীর ভূমিকা নেটিজেনদের মন ছুঁয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় স্বামীর পাশে দাঁড়িয়ে একটি আবেগঘন ছবি ও ভিডিও পোস্ট করেন তিনি। গাড়ির মধ্যে হিরো আলম তাঁর কোলেই মাথা রেখে শুয়ে আছেন। সঙ্গে ক্যাপশন: “সম্পর্ক গড়ে দু’জনের মতে, আর ভেঙে যায় তৃতীয়পক্ষের কারণে।” স্পষ্টভাবেই এই মন্তব্যে হিরো আলমের বিদেশি প্রেমিকাকে দায়ী করলেন রিয়ামণি।
এই ঘটনার পর প্রশ্ন উঠেছে—বিচ্ছেদের পথে হাঁটা এই দম্পতির জীবনে কি নতুন মোড় আসছে? অনেকে আশায় বুক বাঁধছেন, হয়তো এবার একসঙ্গে পথ চলার সিদ্ধান্ত নেবেন তাঁরা। আপাতত হিরো আলম ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। আর তাঁর অনুরাগীরা অধীর অপেক্ষায়, সম্পর্কের এই জটের পরিণতি জানতে।
