দেশের খবর
ভারতে আল কায়দার হয়ে কাজ, তিন রাজ্য থেকে চার জঙ্গি ধৃত গুজরাট ATS-এর
ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়দা (Al-Qaeda)-র হয়ে ভারতে নাশকতার ছক কষছিল একদল যুবক— এমনই চাঞ্চল্যকর অভিযোগে চার জনকে গ্রেফতার করল গুজরাট অ্যান্টি টেররিস্ট স্কোয়াড (ATS)। ধৃতদের মধ্যে দু’জন ধরা পড়েছে গুজরাট থেকে, বাকি দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে দিল্লি ও নয়ডা থেকে। গোটা ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে জাতীয় নিরাপত্তা মহলে।
পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে রয়েছে মহম্মদ ফয়েক (Mohammad Faiq), মহম্মদ ফারদিন (Mohammad Fardin), সিফুল্লাহ কুরেশি (Sifulllah Qureshi) এবং জিশান আলি (Zeeshan Ali)। অভিযোগ, এরা দীর্ঘদিন ধরে আল কায়দা-র হয়ে কাজ করছিল এবং বিভিন্ন অ্যাডভান্সড অ্যানোনিমাস মেসেজিং অ্যাপ ব্যবহার করে জঙ্গি মতাদর্শ প্রচার করছিল। এমনকি তারা এমন অটো-ডিলিট অ্যাপ ব্যবহার করত, যা চ্যাট প্রমাণ মুছে দেয়— যাতে তদন্তকারীরা কোনও তথ্য খুঁজে না পান।
আরও পড়ুনঃ ডুরান্ড কাপের জাঁকজমক উদ্বোধন যুবভারতীতে, মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা
সূত্রের দাবি, এরা শুধু মতাদর্শ প্রচারই নয়, জাল নোট ছাপানো এবং রাজ্যে নাশকতা চালানোর পরিকল্পনা করছিল বলেও সন্দেহ করা হচ্ছে। সোশ্যাল মিডিয়া ও ডার্ক ওয়েবের মাধ্যমে তাদের আল কায়দা-যোগ গড়ে উঠেছিল। তদন্তে উঠে এসেছে, তারা ভারতে ‘গজওয়া-ই-হিন্দ’ (Ghazwa-e-Hind) প্রতিষ্ঠার লক্ষ্যে ধীরে ধীরে সক্রিয় হচ্ছিল।
গুজরাট ATS-এর আধিকারিকরা জানাচ্ছেন, ধৃতদের উপর দীর্ঘদিন নজরদারি চালিয়ে উপযুক্ত প্রমাণের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তাদের ডিভাইস, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ও চ্যাট খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, আল কায়দা-র জন্ম ১৯৮৮ সালে, আফগানিস্তানে সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের সময়। প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন (Osama bin Laden)। এই সংগঠনই ২০০১-এর 9/11 হামলার মূল চক্রী ছিল। ভারতেও সংগঠনটি বেশ কয়েকবার গোপনে বিস্তার করার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
আরও তদন্তে এই জাল কতদূর ছড়িয়েছে, এখন সেই দিকেই তাকিয়ে গোটা দেশ।
