ভাইরাল খবর
ভোটের আগে নতুন দলের ঘোষণা ঘিরে তীব্র বিতর্ক, ‘পর্দার আড়ালে তৃণমূলের খেলা’, অভিযোগ দিলীপের
ডিজিটাল ডেস্কঃ ভরতপুরের তৃণমূল (TMC) বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir) নতুন রাজনৈতিক দল গড়ার ঘোষণা করে রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ফেলে দিয়েছেন। তিনি জানিয়েছেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে (Assembly Election 2026) কমপক্ষে ৫০টি আসনে প্রার্থী দিতে চান। আর এই ঘোষণাকে ঘিরে রাজনৈতিক তরজাও শুরু হয়ে গেছে।
এই পরিস্থিতিতে প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) মন্তব্য করেন, “ওঁকে (হুমায়ুন) কেউ কোনওদিন ধরে রাখতে পারেনি। কংগ্রেস, বিজেপি, তৃণমূল— সব দলে থেকেছেন উনি। তাই এবার নিজেই দল করছেন। এটা কোনও আকস্মিক ঘটনা নয়।”
দিলীপের মতে, “এটা একেবারেই পরিকল্পিত (well-planned)। পশ্চিমবঙ্গকে দ্বিতীয় বাংলাদেশ বানানোর যে চেষ্টা চলছে, এটা তারই অংশ।” তিনি বলেন, “যদি আগামী নির্বাচনে মুসলিম উপমুখ্যমন্ত্রী (Muslim Deputy CM) হওয়ার দাবি ওঠে, আমি অবাক হব না। এই নতুন দল বা আইএসএফ— এরা ১০০-র বেশি মুসলিম আসন টার্গেট করছে। এরপর হয়তো বলবে, মুসলিম মুখ্যমন্ত্রী হলে তবেই সমর্থন দেবে।”
তিনি আরও বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সব জানেন। বামেদের শুরু করা পথেই এখন ওঁর সরকার হাঁটছে। দেশভাগের আগের পরিস্থিতি তৈরি হচ্ছে ফের।”
বিজেপির লাভ হবে কি ভোট ভাগাভাগিতে? এমন প্রশ্নে দিলীপ বলেন, “আমরা ভাগাভাগির রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা কাজ করি সংবিধানের ভিত্তিতে, ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এই আমাদের মূলমন্ত্র।”
শেষে তিনি জানান, “আমি বিজেপির সঙ্গেই আছি এবং রাজ্যের সমস্ত কর্মীর পাশেই থাকব।”