ভাইরাল খবর
‘গুন্ডারা হয় জেলে থাকবে, নয়তো ওপরে চলে যাবে’! এনকাউন্টার মডেলের ইঙ্গিত দিয়ে হুঁশিয়ারি প্রতিরক্ষামন্ত্রীর
ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনের প্রথম দফার (First Phase) ভোটগ্রহণের মাত্র দু’দিন আগে বীরভূমের নানুরে রণংদেহি মেজাজে ধরা দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবারের বিজয় সংকল্প সভা থেকে তৃণমূল কংগ্রেসের গুন্ডাবাহিনীকে কার্যত চরম হুঁশিয়ারি (Ultimatum) দিলেন তিনি। রাজনাথের কথায়, “বাংলায় বিজেপির সরকার গড়ুন, সব গুন্ডা হয় ঘরে ঢুকে যাবে, বা জেলে থাকবে, নয়তো ওপরে চলে যাবে।” রাজনৈতিক মহলের মতে, তাঁর এই ‘ওপরে চলে যাওয়া’র বার্তা আসলে উত্তরপ্রদেশ ঘরানার এনকাউন্টার (Encounter) সংস্কৃতিরই এক প্রচ্ছন্ন ইঙ্গিত।
এদিনের সভা থেকে রাজনাথ তৃণমূলের ‘টিএমসি’ (TMC) নামের নতুন ব্যাখ্যা দেন ‘টোটাল মিসরুল অ্যান্ড করাপশন’ (Total Misrule and Corruption) হিসেবে। তিনি অভিযোগ করেন, রাজ্যে নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) এবং সিন্ডিকেটের কারণে বাংলার মেধাবী যুবকরা ভিন রাজ্যে চলে যেতে বাধ্য হচ্ছে। অনুপ্রবেশকারী (Infiltrators) ইস্যু এবং নারী নিরাপত্তা নিয়েও মমতা সরকারকে তীব্র আক্রমণ শানান তিনি।
রাজনাথের দাবি, রাজ্যে বিনিয়োগের বদলে এখন গুন্ডাদের দাপট বেড়েছে। তাই সাধারণ মানুষকে বেছে নিতে হবে তারা ভয় চায় নাকি মুক্তি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হিসাব বুঝে নেওয়ার বার্তার পর, রাজনাথ সিংয়ের এই ‘এনকাউন্টার’ তত্ত্বে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্কের (Controversy) সৃষ্টি হয়েছে। ভোটের মাত্র ৪৮ ঘণ্টা আগে এমন আগ্রাসী মেজাজ তৃণমূলের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।


