ভাইরাল খবর
তিলোত্তমার ঐতিহ্যবাহী বইপাড়া এবার নতুন সাজে! ‘অক্সফোর্ড স্ট্রিট’-এর আদলে সাজবে কলেজ স্ট্রিট, জানালেন অগ্নিমিত্রা
ডিজিটাল ডেস্কঃ কলকাতার ঐতিহ্যবাহী কলেজ স্ট্রিট (College Street)-এর আমূল পরিবর্তনের পরিকল্পনা বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগোল রাজ্য সরকার। বুধবার সকালে পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Pal) কলকাতা পুরনিগমের (Kolkata Municipal Corporation) পুর কমিশনার স্মিতা পাণ্ডে এবং প্রশাসনের আধিকারিকদের সঙ্গে নিয়ে গোটা বইপাড়া (Book Market) এলাকা ঘুরে দেখেন। উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন দিক সরেজমিনে খতিয়ে দেখার পাশাপাশি পথচারী ও স্থানীয়দের সঙ্গেও কথা বলেন তিনি।
মন্ত্রী জানান, কলেজ স্ট্রিটে কোনও উচ্ছেদ (Eviction) করা হবে না। বরং বইয়ের দোকানগুলিকে পরিকল্পিতভাবে রিলোকেট (Relocate) করে একরকম নকশার (Design) আধুনিক স্টল তৈরি করা হবে। তাঁর কথায়, এলাকার সৌন্দর্যায়নের পাশাপাশি বইপাড়ার ঐতিহ্যও অক্ষুণ্ণ রাখা হবে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, কলেজ স্ট্রিটের একটি নির্দিষ্ট অংশকে নো ভেহিকেল জোন (No Vehicle Zone) করা হবে। সেখানে সাধারণ যানবাহন চলবে না এবং হর্ন (Horn) বাজানোও নিষিদ্ধ থাকবে। দর্শনার্থীরা নির্দিষ্ট স্থান থেকে সাইকেল (Cycle) নিয়ে এলাকা ঘুরতে পারবেন। প্রবীণদের জন্য থাকবে ব্যাটারি কার (Battery Car)। পাশাপাশি ক্যাফে (Cafe), বসে বই পড়ার বেঞ্চ এবং শান্ত পরিবেশ তৈরির উদ্যোগও নেওয়া হবে।
অগ্নিমিত্রা পাল জানান, মূল কলেজ স্ট্রিটের রাস্তা আপাতত পরিবর্তন করা হচ্ছে না, কারণ সেটি শহরের গুরুত্বপূর্ণ ট্র্যাফিক (Traffic) করিডর। তবে রাস্তার রেলিং দৃশ্যমান করতে কিছু দোকানকে পরিকল্পিতভাবে অন্যত্র সরানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। দোকানদারদের আশ্বস্ত করে মন্ত্রী বলেন, কারও রুটিরুজির ক্ষতি হবে না। যাঁদের বইয়ের দোকান রয়েছে, তাঁদের জন্যই নতুনভাবে একই ধরনের স্টল তৈরি করা হবে। উদ্দেশ্য শুধু এলোমেলো টিনের কাঠামোর পরিবর্তে একটি সুসংগঠিত ও দৃষ্টিনন্দন পরিবেশ গড়ে তোলা।
পরিদর্শনের সময় বই বিক্রেতাদের একাংশ এই উদ্যোগকে স্বাগত জানান। তাঁদের বক্তব্য, কলেজ স্ট্রিট আরও সুন্দর হোক, তবে উন্নয়নের নামে যেন ব্যবসা বা জীবিকার উপর কোনও প্রভাব না পড়ে। রাজ্যের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে ঐতিহ্য, পরিবেশবান্ধব যাতায়াত এবং আধুনিক পরিকাঠামোর সমন্বয়ে কলেজ স্ট্রিট নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করবে বলেই আশা প্রশাসনের।
