খুন
বৃদ্ধ-বৃদ্ধার ঝুলন্ত দেহ উদ্ধার, আত্মহত্যার নেপথ্যে পারিবারিক কলহ?
ডিজিটাল ডেস্কঃ মঙ্গলবার রাতে এক বৃদ্ধ দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব যাদবপুরের মুকুন্দপুরে। পুলিশ সূত্রে জানা গেছে, ডাইনিং রুমে ৬৬ বছর বয়সী স্বামীর দেহ ( দুলাল পাল) এবং শোবার ঘরে ৫৪ বছর বয়সী স্ত্রীর ( রেখা পাল) দেহ পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ।
প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হলেও মৃত দম্পতির মেয়ের অভিযোগ, তাঁর দাদা ও বৌদি মিলে বাবা-মাকে খুন করেছেন। তিনি দাবি করেছেন, দীর্ঘদিন ধরে দাদা-বৌদি তাঁদের উপর অত্যাচার চালাতেন।
আরও পড়ুনঃ বেপরোয়া গতির বলি চারটি গাড়ি, আহত কয়েকজন
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত দম্পতি ছেলেবৌমার সঙ্গেই থাকতেন। তবে তাঁদের পারিবারিক সম্পর্ক মোটেও ভাল ছিল না। অভিযোগ, প্রায়শই তাঁদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চলত। মঙ্গলবার সকালেও তাঁদের সঙ্গে ছেলের ঝগড়া হয়েছিল বলে প্রতিবেশীরা জানিয়েছেন।
ঘটনার সময় দম্পতির ছেলে ও বৌমা বাড়িতে ছিলেন না বলে জানা গেছে। তবে তাঁদের ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ। দেহদুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত চলছে।
