রাজনীতি
সোশাল মিডিয়ায় বিকৃত মন্তব্য ভাইরাল, থানায় অভিযোগ সায়ন্তিকার – দায়ে বিজেপি আইটি সেল
ডিজিটাল ডেস্কঃ বরানগরের তারকা বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের এক বক্তব্য বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় (Social Media) ছড়িয়ে পড়ায় উত্তেজনা ছড়িয়েছে। ওই বিকৃত বক্তব্য ঘিরে তিনি অভিযোগ করেছেন যে, বিজেপির আইটি সেল (BJP IT Cell) এই কারসাজির পিছনে রয়েছে। ইতিমধ্যে তিনি থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন।
মঙ্গলবার দক্ষিণ বরানগরের বিটি রোড লাগোয়া একটি অনুষ্ঠান কক্ষে তৃণমূল কংগ্রেসের (TMC) ডাকে আয়োজিত বিজয়া সম্মেলনে অংশ নিয়ে সায়ন্তিকা আগামী বিধানসভা নির্বাচনে জয়ের লক্ষ্যমাত্রা স্থির করেন। তিনি বলেন,
“নিজেদের মধ্যে সমস্ত মনোমালিন্য ভুলে গিয়ে একসঙ্গে কাজ করতে হবে। আমাদের মনে রাখতে হবে, গত লোকসভা ও বিধানসভার উপনির্বাচনে ফল ভালো হয়নি। আগে যখন ৩৫ হাজার ভোটে জিতেছিলাম, আগামীতেও পারব। এই লক্ষ্যেই আমাদের চলতে হবে। কারণ, আগামী নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চতুর্থবারের জন্য জয়ী করার নির্বাচন।”
উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনে বরানগর থেকে তৃণমূল ৩৫ হাজার ভোটে জিতলেও ২০২৪-এর উপনির্বাচনে সেই ব্যবধান নেমে আসে মাত্র ৮ হাজারে।
বুধবার সকালে দেখা যায়, একটি স্বনামধন্য মিডিয়া হাউজের (Media House) লোগো ব্যবহার করে সায়ন্তিকার বক্তব্য বিকৃত করে একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে। বিষয়টি ভাইরাল হতেই তৃণমূল কর্মী-সমর্থকরা প্রতিবাদে মুখর হন। সায়ন্তিকাও পালটা পোস্টে লিখেছেন –
“এই মানসিকতার মানুষগুলোই হয়তো উন্নাও, হাথরস ঘটিয়েছে।”
তিনি আরও জানান,
“কুরুচিকর এই পোস্ট স্বনামধন্য মিডিয়ার লোগো দিয়ে করা হয়েছে যাতে মানুষ বিশ্বাস করে। থানায় অভিযোগ জানিয়েছি। যতটুকু জেনেছি, মেদিনীপুর (Medinipur) থেকে এই পোস্ট ছড়ানো হয়েছে। এটা বিজেপির আইটি সেলের কাজ ছাড়া আর কিছু হতে পারে না।”
এদিকে উত্তর শহরতলি জেলা বিজেপির (BJP) সভাপতি চণ্ডীচরণ রায় দাবি করেন,
“বিজেপি কখনও মহিলাদের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করে না। এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই। আমাদের আইটি সেলের নাম জড়ানো ভিত্তিহীন।”
