বাংলাদেশ
ফের ছাত্র আন্দোলনে জর্জরিত ঢাকা, পুলিশের হামলায় আহত বহু, সচিবালয় অবরুদ্ধ
ডিজিটাল ডেস্কঃ ফের ছাত্র আন্দোলনে উত্তাল ঢাকা। মাইলস্টোন স্কুল ও কলেজের একটি ভয়াবহ বিমান দুর্ঘটনায় ছাত্রের মৃত্যুর পরও নির্ধারিত এইচএসসি (HSC) পরীক্ষা স্থগিত না করায় ক্ষোভে ফেটে পড়েছে বাংলাদেশের ছাত্রসমাজ। মঙ্গলবার দুপুরে রাজধানীর সচিবালয়ের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করে। ক্রমেই সেই আন্দোলন ছড়িয়ে পড়ে শহরের বিভিন্ন প্রান্তে।
ছাত্রদের অভিযোগ, এত বড় ট্র্যাজেডির পরও শিক্ষা মন্ত্রক উদাসীন থেকেছে। এক পরীক্ষার্থী, জোনায়েদ আহমেদ (Junaid Ahmed), জানান, “সকালবেলা আমরা প্রস্তুতি নিয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে জানতে পারি যে, পরীক্ষা বাতিল হয়েছে। এটা অবমাননাকর।” ছাত্রদের স্লোগান ছিল— “আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দে!”
আন্দোলনকারীরা অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (C.R. Abrar) ও শিক্ষা মন্ত্রকের সচিব সিদ্দিক জোবায়েরের (Siddique Zobayer) পদত্যাগ দাবি করেন। আন্দোলন চলাকালীন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যখন শিক্ষার্থীরা সচিবালয়ে প্রবেশের চেষ্টা করে। তখনই পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় বিক্ষোভকারীদের।
আরও পড়ুনঃ বাংলাদেশিদের জন্য জমি বরাদ্দের পথে উত্তরপ্রদেশ, বড় ঘোষণা যোগী সরকারের
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এ ঘটনায় অন্তত ৭৫ জন ছাত্র আহত হয়েছেন। সচিবালয়ের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয় এবং যান চলাচল একপ্রকার বন্ধ হয়ে যায় রাজধানীর গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে। আন্দোলনে যুক্ত ছিল ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজ-সহ একাধিক প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী।
এদিকে, সদ্য অকৃতকার্য হওয়া এসএসসি পরীক্ষার্থীদের একাংশ অটো পাসের দাবিতেও বিক্ষোভে সামিল হয়। বিকেলের দিকে সচিবালয়ের সামনে বিস্ফোরণের মতো সাউন্ড গ্রেনেডের শব্দে শহরজুড়ে আতঙ্ক ছড়ায়।
বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় এই দুর্যোগের প্রতিবাদে ছাত্রসমাজের এই গণবিস্ফোরণ, প্রশাসনের কঠোর ভূমিকা এবং নিরাপত্তা বাহিনীর ব্যবহার নিয়ে উঠছে প্রশ্ন।