ভাইরাল খবর
বর ও কনেপক্ষের সংঘর্ষে মৃত্যু, শোকের ছায়া বিয়েবাড়িতে
ডিজিটাল ডেস্কঃ দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার ভ্যাম্বে কলোনিতে একটি বিয়েবাড়িতে আনন্দের বদলে নেমে এল মৃত্যুর ছায়া। শনিবার রাতে বর ও কনেপক্ষের মধ্যে গান বাজানোকে কেন্দ্র করে শুরু হওয়া বচসা মুহূর্তেই রূপ নেয় ভয়াবহ সংঘর্ষে। এর জেরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে কনেপক্ষের এক যুবকের, এমনকি ধারালো অস্ত্র দিয়েও কোপানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার জেরে প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।
সূত্রের খবর অনুযায়ী, নির্দিষ্ট সময় অনুযায়ী বরপক্ষ বিয়েবাড়িতে পৌঁছায়। এরপর গান বাজানো নিয়ে বর ও কনেপক্ষের মধ্যে প্রথমে তর্কাতর্কি শুরু হয়। মুহূর্তের মধ্যেই সেই তর্ক হাতাহাতিতে গড়ায়। অভিযোগ, বরপক্ষের কিছু লোকজন কনেপক্ষের এক আত্মীয় আর্টিস্ট বেদকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে। ঘটনার পর কনের বাবা জাদুকর বেদ বলেন, “আমাদের বাড়িতে আসা একজন আত্মীয়ের উপর বরযাত্রীর লোকজন হামলা চালিয়েছে। শুনেছি তাকে গুলি করে খুন করা হয়েছে। আমরা দোষীদের কঠোর শাস্তি চাই। এই ঘটনার কারণে আমার মেয়ের বিয়েও বন্ধ হয়ে গেছে।” কনের মামা অবিনাশ বেদ অভিযোগ করে বলেন, “বরযাত্রীর লোকেরা আমাদের উপর হামলা চালিয়েছে। আমার ভাগ্নেকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা দোষীদের গ্রেপ্তার করে দ্রুত বিচার চাই।
আরও পড়ুনঃ ১৮ বছর পর ধরা পড়ল হিজবুল জঙ্গি, পুলিশের হাতে বিপুল অস্ত্র
এই ঘটনা সম্পর্কে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি দুর্গাপুর সুবীর রায় বলেন, “আমাদের প্রাথমিক তদন্তে গুলি চালানোর কোনো তথ্য মেলেনি। মৃত যুবকের শরীরে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন পাওয়া গেছে। এটি পরিকল্পিত হামলার অংশ হতে পারে। ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং আরও কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।” এমন নির্মম ঘটনায় বিয়েবাড়ির আনন্দ মুহূর্তে পরিণত হয় শোকের মাতমে। কনেপক্ষের বাড়িতে এখন শুধুই কান্নার রোল। পাশাপাশি, এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তদন্ত শুরু করে। এই ঘটনার জেরে একটি নতুন জীবন শুরুর মুহূর্তেই থমকে গেল। আনন্দের যে পরিবেশ থাকার কথা ছিল, সেখানে এখন শুধুই অশ্রু ও বিচার চাওয়ার আর্তনাদ। পুলিশ দ্রুত তদন্ত চালিয়ে দোষীদের কঠোর শাস্তির আশ্বাস দিয়েছে।
