করোনাভাইরাস
করোনার নতুন ঢেউ? ২৪ ঘণ্টায় উদ্বেগজনক বৃদ্ধি, চাপে স্বাস্থ্য দফতর
ডিজিটাল ডেস্কঃ ফের চোখ রাঙাচ্ছে করোনা (COVID-19)। দেশের বিভিন্ন প্রান্তে ধীরে ধীরে বাড়ছে সংক্রমণ, যার জেরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে স্বাস্থ্য মহলে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Union Health Ministry) সর্বশেষ পরিসংখ্যান বলছে, রবিবার সকাল পর্যন্ত দেশে মোট সক্রিয় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৭৫৫ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৯১ জন, এবং মৃত্যু হয়েছে ৪ জনের।
সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে কেরলে (Kerala)। গত ২৪ ঘণ্টায় কেরলে নতুন করে ১২৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। এরপর রয়েছে গুজরাট (Gujarat) – ১০২ জন, দিল্লি (Delhi) – ৭৩ জন এবং পশ্চিমবঙ্গ (West Bengal) – ২৬ জন। তবে কিছু রাজ্যে সংক্রমণের খোঁজ মেলেনি। অরুণাচল প্রদেশ, মিজোরাম, চণ্ডীগড় ও ত্রিপুরাতে (Tripura) নতুন করে করোনা আক্রান্তের কোনও তথ্য মেলেনি।
আরও পড়ুনঃ ঈদের সকালে গলা কেটে আত্মাহুতি, ‘আল্লাহর নামে বলিদান’ দাবি পরিবারের
বিশেষজ্ঞদের একাংশের মতে, যদিও করোনা আবার ছড়াচ্ছে, তবে আগের মতো তা প্রাণঘাতী রূপ নেয়নি। আইসিএমআরের (ICMR) ডিরেক্টর জেনারেল ডঃ রাজীব ভাল (Rajiv Bahl) জানিয়েছেন, দক্ষিণ ও পশ্চিম ভারতের নমুনা থেকে জিনোম সিকোয়েন্সিংয়ে জানা গিয়েছে, এটি ওমিক্রনের (Omicron) একটি ভ্যারিয়েন্ট। তবে এখনই আতঙ্কিত না হয়ে সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন তিনি।
চিকিৎসকরা বলছেন, এই পরিস্থিতিতে বয়স্ক ব্যক্তি ও কো-মর্বিডিটির রোগীদের আরও বেশি সতর্ক থাকা জরুরি। জনবহুল এলাকায় মাস্ক পরা, বারবার হাত ধোয়া এবং সামাজিক দূরত্ব বজায় রাখার মতো পুরনো স্বাস্থ্যবিধি ফের কার্যকর হতে পারে বলে আশঙ্কা। প্রশাসনের তরফ থেকেও জানানো হয়েছে, কোনও নতুন ঢেউ এলে তা সামাল দিতে তৈরি রয়েছে কেন্দ্র ও রাজ্য সরকারগুলি।
তাই সাবধান থাকাই এখন একমাত্র পথ। স্বাস্থ্যবিধি মেনে চললে বিপদ অনেকটাই ঠেকানো সম্ভব— মনে করছেন চিকিৎসকরা।
