ভাইরাল খবর
পুরুষ ‘লক্ষ্মী’র পর এবার ‘পুরুষ অন্নপূর্ণা’! প্রযুক্তিগত ত্রুটি নাকি বড়সড় গলদ?
ডিজিটাল ডেস্কঃ রাজ্যের অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে যখন জেলায় জেলায় উৎসাহ তুঙ্গে, তখনই নদিয়ার (Nadia) ভীমপুর (Bhimpur) থানার চাঁদপুর (Chandpur) গ্রামে সামনে এল এক অদ্ভুত ঘটনা। মহিলাদের জন্য নির্ধারিত এই প্রকল্পের ৩ হাজার টাকা জমা পড়েছে এক পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে (Bank Account)।
চাঁদপুর গ্রামের বাসিন্দা সঞ্জিত বিশ্বাস, পেশায় একজন গ্রামীণ চিকিৎসক (Rural Medical Practitioner)। তিনি নিয়মিত বৃদ্ধভাতা (Old Age Pension) পান। সম্প্রতি বৃদ্ধভাতার টাকা তুলতে গিয়ে ব্যাঙ্ক গ্রাহক পরিষেবা কেন্দ্রে (Customer Service Centre) জানতে পারেন, তাঁর অ্যাকাউন্টে অতিরিক্ত ৩ হাজার টাকা জমা হয়েছে অন্নপূর্ণা যোজনার খাতে। সঞ্জিতবাবুর দাবি, তিনি কখনও এই প্রকল্পের জন্য আবেদন করেননি। ফলে কীভাবে ওই অর্থ তাঁর অ্যাকাউন্টে এল, তা তিনি নিজেও জানেন না। তিনি জানান, শুধুমাত্র নিজের প্রাপ্য বৃদ্ধভাতার টাকা তুলেছেন, অন্নপূর্ণা যোজনার টাকা স্পর্শও করেননি।
তিনি আরও বলেন, বিষয়টি স্থানীয় পঞ্চায়েত (Panchayat) সদস্য ও প্রধানকে জানাবেন এবং সরকারি নিয়ম মেনে প্রয়োজন হলে ওই অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে, তথ্যভাণ্ডার (Database) সংক্রান্ত ত্রুটি বা অ্যাকাউন্ট সংযুক্তিকরণে (Account Linking) ভুলের কারণেই এমন ঘটনা ঘটতে পারে। যদিও প্রশাসনের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।
