১৩ হাজার দুঃস্থ পরিবারকে খাদ্য সামগ্রী বিলির কাজ শুরু করল কালিয়াগঞ্জ পুরসভা
Connect with us

উত্তর দিনাজপুর

১৩ হাজার দুঃস্থ পরিবারকে খাদ্য সামগ্রী বিলির কাজ শুরু করল কালিয়াগঞ্জ পুরসভা

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , কালিয়াগঞ্জ , ২৯ মে : উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পুর এলাকার দুঃস্থ পরিবারগুলির হাতে খাদ্য সামগ্রী সহায়তা তুলে দেবার কাজ শুরু করলো পুরসভা।

শনিবার কালিয়াগঞ্জ পুরসভার এই মানবিক উদ্দ্যোগের সূচনা করেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের কো-মেন্টর অসীম ঘোষ। কালিয়াগঞ্জ পুরসভার প্রশাসক শচীন সিংহরায় এবং প্রশাসক মন্ডলীর সদস্য কমল ঘোষ, ঈশ্বর রজক, বসন্ত রায় ও রাজীব সাহা উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে। কালিয়াগঞ্জ পৌর এলাকার ১৭ টি ওয়ার্ডের অধিনে প্রায় ১৩ হাজার দুঃস্থ পরিবার পাবে এই খাদ্য সামগ্রী সহায়তা। করোনা বিধি মেনে শনিবার ১৫০০ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। ওয়ার্ড ভিত্তিক এই খাদ্য সামগ্রী বিলির কাজ চলবে আগামী একসপ্তাহ ধরে। দ্বিতীয় দফার করোনা সংক্রমণ মোকাবিলায় রাজ্যে নতুন করে লাগু হয়েছে সরকারি বিধিনিষেধ। এই বিধিনিষেধের যাঁতাকলে কর্মহীন হয়েছে প্রচুর দিনআনা দিনখাওয়া পরিবার। এই পরিস্থিতিতে রোজগার হারানো কালিয়াগঞ্জ শহরের এমনই দুঃস্থ পরিবারগুলির জন্য খাদ্য সামগ্রী সহায়তা প্রদানের এই মানবিক উদ্যোগ নিয়েছে পুরসভা। পুরপ্রশাসক শচীন সিংহরায় জানান এবারে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, লবন, আটা, সোয়াবিন, বিস্কুট সহ মোট ১২ পদের খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে। এতে শহরের দুঃস্থ পরিবারগুলো কিছুটা স্বস্তি পাবে এই সংকটের সময়ে৷